বিয়েতে আসতে পারছেন না? কুছ পরোয়া নেহি! কিউআর কোড (QR Code) সহ কার্ড ছাপিয়ে তাক লাগালেন বাগপতের যুবক

উত্তরপ্রদেশের বাগপতে এক অনন্য বিয়ের কার্ড নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। দোঘাট শহরের বাসিন্দা আকাশ বাল্মীকি তাঁর নিজের এবং বোনের বিয়ের কার্ডে একটি বিশেষ QR কোড যুক্ত করেছেন। প্রযুক্তির এই অভিনব ব্যবহার কেবল স্মার্টনেসের জন্য নয়, বরং আত্মীয়দের জীবন রক্ষার জন্য করেছেন বলে দাবি আকাশের।

আকাশের মতে, বিয়েতে যোগ দিতে অনেক সময় আত্মীয়রা দূর-দূরান্ত থেকে আসেন এবং তাড়াহুড়ো করে যাতায়াত করতে গিয়ে মাঝেমধ্যেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। এই বিপদ এড়াতেই তিনি QR কোড ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। যাঁরা দূরত্ব বা সময়ের অভাবে বিয়েতে সশরীরে উপস্থিত হতে পারবেন না, তাঁরা এই কোড স্ক্যান করেই ‘শগুন’ বা উপহারের টাকা পাঠাতে পারবেন। আকাশের বোনের বিয়ে ৭ই ফেব্রুয়ারি এবং তাঁর নিজের বিয়ে ৮ই ফেব্রুয়ারি। ডিজিটাল এই পদক্ষেপের মাধ্যমে যাতায়াতের খরচ এবং সময় দুটোই বাঁচবে বলে মনে করছে বাল্মীকি পরিবার। পাঞ্জাব থেকে চণ্ডীগড়—সর্বত্র এখন এই ডিজিটাল কার্ডের জয়জয়কার।