আইনি গেরোয় ‘ঘুষখোর পণ্ডিত’! এফআইআরের পর এবার এফএমসি-র নোটিশ, বিপাকে পরিচালক নীরজ পাণ্ডে

মনোজ বাজপেয়ী অভিনীত নেটফ্লিক্সের আসন্ন ছবি “ঘুষখোর পণ্ডিত” ঘিরে বিতর্ক থামার নামই নিচ্ছে না। উত্তরপ্রদেশের লখনউতে এফআইআর দায়ের হওয়ার পর এবার বড়সড় ধাক্কা খেল পরিচালক নীরজ পাণ্ডের প্রযোজনা সংস্থা ‘ফ্রাইডে স্টোরি টেলার্স’। মুম্বই-ভিত্তিক প্রভাবশালী সংস্থা ফিল্ম মেকার্স কম্বাইন (FMC) এবার সরাসরি ময়দানে নেমেছে। তাদের দাবি, এই বিতর্কিত শিরোনামটি কোনো চলচ্চিত্র সমিতিতে নিবন্ধিত বা অনুমোদিত নয়।

এফএমসি-র পক্ষ থেকে নীরজ পাণ্ডের প্রোডাকশন হাউস এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকে কড়া নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে যে, “ঘুষখোর পণ্ডিত” শিরোনামটি ব্যবহারের জন্য কোনো আবেদনই করা হয়নি। নিয়ম অনুযায়ী, যথাযথ অনুমোদন ছাড়া কোনো ছবির নাম ব্যবহার করা বেআইনি। এই অননুমোদিত ব্যবহারের জন্য এফএমসি তাৎক্ষণিক জবাব দাবি করেছে এবং সন্তোষজনক ব্যাখ্যা না পেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে।

বিতর্কের আঁচ কেবল লখনউ বা ভোপালের রাস্তাতেই সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে সংসদেও। ব্রাহ্মণ সম্প্রদায়কে নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে দেশজুড়ে বিক্ষোভের ছবি সামনে আসছে। অভিযোগকারীদের মতে, এই ধরনের শিরোনাম একটি বিশেষ বর্ণের ভাবমূর্তি নষ্ট করছে। একদিকে আইনি মামলা, অন্যদিকে চলচ্চিত্র সংগঠনের লাল চোখ—সব মিলিয়ে ‘ঘুষখোর পণ্ডিত’-এর মুক্তি এখন বড়সড় অনিশ্চয়তার মুখে। পরিচালক নীরজ পাণ্ডে এই সংকট থেকে কীভাবে ছবিটিকে উদ্ধার করেন, এখন সেটাই দেখার।