যমুনা নদী লুটে ‘বালি মাফিয়া’! রুখে দাঁড়াল গ্রামবাসী, রণক্ষেত্র জলপাইগুড়িতে শাসকদলের বিরুদ্ধে তোপ

জলপাইগুড়ির গরালবাড়ি গ্রাম পঞ্চায়েতের গাঠিয়াপাড়া এলাকায় যমুনা নদীকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় দিনের আলোয় জনসমক্ষে অবাধে বালি চুরি করে পাচার করা হচ্ছে। বৃহস্পতিবার এই অবৈধ কারবার রুখতে গ্রামবাসীরা সরব হতেই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, যমুনা নদী থেকে ট্রাক্টরের পর ট্রাক্টর বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যার ফলে নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। গ্রামবাসীদের সরাসরি অভিযোগ, এই বালি পাচার চক্রের পিছনে স্থানীয় শাসকদলের একাংশের মদত রয়েছে। দিনের পর দিন এই ‘লুঠতরাজ’ চললেও পুলিশ বা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর রহস্যজনকভাবে নীরব রয়েছে। আজ ক্ষুব্ধ গ্রামবাসীরা বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখালে উত্তেজনা চরমে পৌঁছায়। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এখন দেখার, এই রণক্ষেত্র পরিস্থিতির পর বালি চুরি বন্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয় কি না প্রশাসন।