‘মুখ্যমন্ত্রী যেন আগুন নিয়ে না খেলেন!’ সুপ্রিম কোর্টে ডিএ হারের পর মমতাকে চরম হুঁশিয়ারি ভাস্করের

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মামলায় সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হল রাজ্য রাজনীতিতে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর শীর্ষ আদালত রাজ্য সরকারকে বকেয়া ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিতেই খুশির হাওয়া কর্মচারী মহলে। তবে এই রায় ঘোষণা হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’।

মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই জয়কে ‘ঐতিহাসিক’ বলে অ্যাখা দিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “রাজ্য সরকারকে ২৫ শতাংশ ডিএ দেওয়ার কথা আগেও বলা হয়েছিল। কিন্তু তখন মমতার সরকার সেটা মানেনি। এবার আদালতের রায় এসেছে। মুখ্যমন্ত্রী যেন এবার আগুন নিয়ে না খেলেন।” ভাস্করবাবু আরও স্পষ্ট করে দিয়েছেন যে, ৩১ মার্চের মধ্যে যদি সরকার বকেয়া টাকা না মেটায়, তবে আদালত রাজ্য সরকারকে ‘ঘাড় ধরে’ ডিএ দিতে বাধ্য করবে। ভোটের মুখে সরকার যদি এই রায় কার্যকর না করে, তবে রাজ্যজুড়ে ভয়াবহ আন্দোলনের পথে হাঁটার বার্তাও দিয়েছেন তিনি।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই রায়কে স্বাগত জানিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের ঠিক আগে সুপ্রিম কোর্টের এই রায় মমতা সরকারের ওপর বড়সড় আর্থিক ও রাজনৈতিক চাপ তৈরি করল। ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর জন্য কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন, যা বর্তমান বাজেটে সামলানো নবান্নের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। এখন দেখার, ৩১ মার্চের ডেডলাইনের মধ্যে রাজ্য সরকার আদালতের নির্দেশ পালন করে নাকি নতুন কোনো আইনি পথে হাঁটার চেষ্টা করে।

Samrat Das
  • Samrat Das