সুরজকুন্ড মেলা ২০২৬: ঘোরার আগে জেনে নিন খুঁটিনাটি! কোন মেট্রো স্টেশন কাছে? কোথায় মিলবে টিকিট

শীতের আমেজ আর রঙিন সংস্কৃতির মেলবন্ধন নিয়ে হরিয়ানার ফরিদাবাদে শুরু হয়ে গিয়েছে ৩৯তম সুরজকুন্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলা ২০২৬। ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আপনি যদি কেনাকাটা, শিল্পকলা এবং জিভে জল আনা খাবারের শৌখিন হন, তবে এই মেলা আপনার জন্য সেরা গন্তব্য।
সময় ও তারিখ: মেলা চলবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। পুরো মেলা ঘুরে দেখার জন্য অন্তত ৪-৫ ঘণ্টা সময় নিয়ে যাওয়া ভালো।
টিকিটের দাম ও বুকিং: টিকিটের দাম সাধারণ দিনগুলিতে (সোম-শুক্র) ১২০ টাকা এবং সপ্তাহান্তে (শনি-রবি) ১৮০ টাকা ধার্য করা হয়েছে। প্রবীণ নাগরিক এবং পড়ুয়াদের জন্য আইকার্ড দেখালে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ভিড় এড়াতে ‘DMRC’ মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করাই সবথেকে সুবিধাজনক। এছাড়া নির্বাচিত মেট্রো স্টেশন এবং মেলার গেটেও টিকিট কাউন্টার রয়েছে।
কীভাবে পৌঁছাবেন? সবথেকে কাছের মেট্রো স্টেশন হলো বদরপুর বর্ডার (ভায়োলেট লাইন)। স্টেশন থেকে মেলা প্রাঙ্গণে যাওয়ার জন্য অটো এবং ফিডার বাস সহজেই পাওয়া যাবে। এছাড়া পর্যটকদের সুবিধার্থে ১৮টি বিশেষ বাস চালানো হচ্ছে।
এবারের আকর্ষণ: ২০২৬ সালের ‘থিম স্টেট’ হলো উত্তরপ্রদেশ। বেনারসি শাড়ি, লখনউয়ের চিকনকারি কাজ আর কনৌজের সুগন্ধি আতর—ইউপি-র শাহি মেজাজ এখন সুরজকুন্ডে। ১০০০-এর বেশি স্টলে হরেক পণ্যের সমাহার এবং মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাকে জাদুকরী করে তুলেছে।