আকাশে কি দেখা যাবে সেই মায়াবী আগুনের আংটি? ২০২৬-এর প্রথম সূর্যগ্রহণ নিয়ে বড় আপডেট!

মহাকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক বিরল মহাজাগতিক দৃশ্য। ২০২৬ সালের শুরুতেই ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে আকাশে দেখা যাবে এক মায়াবী দৃশ্য, যাকে বিজ্ঞানীরা বলছেন ‘রিং অফ ফায়ার’ (Ring of Fire) বা বলয়গ্রাস সূর্যগ্রহণ।

এই বিশেষ গ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না, কারণ চাঁদ তখন পৃথিবী থেকে অনেকটাই দূরে থাকে। ফলে সূর্যের মাঝখানের অংশটি কালো হয়ে যায় এবং চারপাশ দিয়ে আলোর এক উজ্জ্বল আংটি ফুটে ওঠে। এবারের গ্রহণে সূর্যের প্রায় ৯৬% অংশ ঢাকা পড়ে যাবে। ধনিষ্ঠা নক্ষত্র এবং কুম্ভ রাশিতে এই গ্রহণ সংগঠিত হবে।

ভারত থেকে কি দেখা যাবে? ভারতীয় মহাকাশপ্রেমীদের জন্য কিছুটা মন খারাপের খবর। ১৭ ফেব্রুয়ারির এই বলয়গ্রাস সূর্যগ্রহণ ভারত থেকে সরাসরি দেখা যাবে না। তবে প্রযুক্তির যুগে নিরাশ হওয়ার কারণ নেই; নাসার (NASA) অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এই বিরল দৃশ্যের লাইভ টেলিকাস্ট সরাসরি দেখা যাবে।

সময় ও সূচি: ভারতীয় সময় অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি দুপুর ৩টে ২৬ মিনিটে গ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে।

কোথায় কোথায় দেখা যাবে? এই বিশেষ দৃশ্যটি দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকার একাংশ, অ্যান্টার্কটিকা, জিম্বাবোয়ে, মরিশাস, নামিবিয়া এবং তানজানিয়া থেকে আংশিক বা পূর্ণ বলয়গ্রাস হিসেবে দেখা যাবে।