ইতিহাস গড়তে চলেছেন মমতা! আজ সুপ্রিম কোর্টে সওয়াল করবেন খোদ মুখ্যমন্ত্রী, দেশজুড়ে তীব্র উত্তেজনা!

ভারতের বিচারবিভাগীয় ইতিহাসে এক বিরল ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে গোটা দেশ। আজ, বুধবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বহুল চর্চিত এসআইআর (SIR) মামলায় খোদ আইনজীবী হিসেবে সওয়াল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে বিরোধী নেত্রী হিসেবে তাঁকে একাধিকবার এজলাসে দেখা গেলেও, দেশের সর্বোচ্চ আদালতে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর এই আইনি লড়াইকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে পারদ চড়ছে।

স্মৃতিতে অতীত: মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সত্তা নতুন কিছু নয়। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আইনের ডিগ্রিধারী মমতা এর আগেও রাজনৈতিক লড়াইয়ের ময়দান ছেড়ে কোর্টরুমের লড়াই লড়েছেন। ১৯৮৪ সালে বালুরঘাটে যুব কংগ্রেস কর্মীদের হয়ে সওয়াল করে তাঁদের জামিন করিয়েছিলেন তিনি। এমনকি ১৯৯৬ সালে ২১ জুলাইয়ের মামলাতেও ব্যাঙ্কশাল কোর্টে কালো গাউন পরে সওয়াল করেছিলেন ‘অগ্নিদকন্যা’। সতীর্থ শঙ্কর চক্রবর্তীর কাছে সেদিন গাউন চেয়ে নিয়ে বিচারকের সামনে দাঁড়িয়ে মমতার সেই যুক্তি আজও বাংলার আইনি মহলে চর্চিত হয়।

তৃণমূলের প্রচার ও প্রস্তুতি: আজকের শুনানির আগে সরগরম সোশ্যাল মিডিয়া। তৃণমূলের অফিশিয়াল হ্যান্ডেল থেকে একটি বিশেষ গ্রাফিক্স পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কালো রোব পরে সুপ্রিম কোর্টের সিঁড়ি বেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে উঠে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাপশনে লেখা, “সুপ্রিম কোর্টে এসআইআর-কে চ্যালেঞ্জ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়”। দলের নেতা-কর্মীদের দাবি, দলনেত্রী নিজেই যখন সওয়াল করবেন, তখন এই মামলার মোড় আমূল ঘুরে যাবে।

কেন এই মামলা গুরুত্বপূর্ণ? এসআইআর মামলাটি পশ্চিমবঙ্গ সরকারের জন্য অত্যন্ত স্পর্শকাতর। সুপ্রিম কোর্টের আজকের শুনানির তালিকায় তৃণমূলের আরও বেশ কিছু মামলা থাকলেও সকলের নজর রয়েছে মমতার সওয়ালের ওপর। মুখ্যমন্ত্রী হিসেবে সাংবিধানিক পদের দায়িত্ব সামলানোর পাশাপাশি একজন পেশাদার আইনজীবী হিসেবে তিনি কীভাবে সর্বোচ্চ আদালতের বিচারপতির সামনে যুক্তি সাজান, সেটাই এখন দেখার। দিল্লির আইনি অলিন্দে আজ শুধুই মমতাকে নিয়ে চর্চা।