আদানিদের ১ লক্ষ কোটির ‘লক্ষ্মীলাভ’! মার্কিন প্রেসিডেন্টের এক ঘোষণায় কি কপাল ফিরল গৌতম আদানির?

শেয়ার বাজারে কামব্যাক কাকে বলে, তা ফের একবার বুঝিয়ে দিল আদানি গ্রুপ। গত কয়েক মাস ধরে মার্কিন মুলুক থেকে আসা একের পর এক নেতিবাচক খবরের জেরে চাপে ছিল আদানির কোম্পানিগুলো। কিন্তু মঙ্গলবার চিত্রটা সম্পূর্ণ বদলে গেল। মার্কিন প্রেসিডেন্ট ভারতের ওপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করতেই দালাল স্ট্রিটে আদানির শেয়ারে শুরু হয়েছে উত্তাল বৃদ্ধি। মাত্র এক ট্রেডিং সেশনে আদানি গ্রুপের মোট বাজারমূল্য বা মার্কেট ক্যাপ ১ লক্ষ কোটি টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে।
এদিন আদানি এন্টারপ্রাইজ থেকে শুরু করে সাংঘি ইন্ডাস্ট্রিজ—গ্রুপের ১০টি কোম্পানির শেয়ারের দামেই ৩% থেকে ১০% পর্যন্ত উত্থান দেখা গিয়েছে। দুপুর গড়াতেই দেখা যায়, আদানি এন্টারপ্রাইজের বাজারমূল্য এক ধাক্কায় প্রায় ২৭,৩৮৮ কোটি টাকা বেড়ে গিয়েছে। পিছিয়ে নেই আদানি পোর্টস এবং আদানি পাওয়ারও। আদানি পাওয়ারের মার্কেট ক্যাপ বেড়েছে প্রায় ২৭,৮৬৬ কোটি টাকা। গ্রিন এনার্জি এবং এনার্জি সলিউশনসও বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। এমনকি সিমেন্ট সেক্টরের অম্বুজা ও এসিসি-র শেয়ারেও ছিল চোখে পড়ার মতো তেজ।
পরিসংখ্যান বলছে, সোমবার বাজার বন্ধের সময় আদানি গ্রুপের মোট ১০টি কোম্পানির মিলিত বাজারমূল্য ছিল ১২.৯১ লক্ষ কোটি টাকা। মঙ্গলবার সেই অঙ্কটি পৌঁছে গিয়েছে ১৪ লক্ষ কোটি টাকার ঘরে। অর্থাৎ মাত্র কয়েক ঘণ্টার লেনদেনে ১.০৯ লক্ষ কোটি টাকার সম্পত্তি বাড়ল আদানিদের। বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন শুল্ক হ্রাসের ফলে আদানিদের বন্দর ও শক্তি ক্ষেত্রে ব্যবসার নতুন দিগন্ত খুলে যেতে পারে, আর সেই প্রত্যাশাতেই বিনিয়োগকারীরা ফের আদানির শেয়ারে ভরসা রাখছেন।