‘ঘরে ঢুকে মারব!’ রক্তমাখা রণবীর সিংয়ের চোখে প্রতিশোধের আগুন, কাঁপানো টিজারে ফিরল ‘ধুরন্ধর ২’

অবশেষে প্রতীক্ষার অবসান! মঙ্গলবার দুপুরে মুক্তি পেল চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর টিজার। ১ মিনিট ১৩ সেকেন্ডের এই টিজার জুড়ে শুধুই রণবীর সিং ওরফে ‘হামজা আলি’। আর তাঁর চোখে দেখা যাচ্ছে তীব্র প্রতিশোধের আগুন। পরিচালক আদিত্য ধর তাঁর আইকনিক ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর সেই বিখ্যাত সংলাপ—“ইয়ে নয়া হিন্দুস্তান হ্যায়, ইয়ে ঘর মে ঘুসেগা ভি অর মারেগা ভি”—দিয়েই সিক্যুয়েলের সুর বেঁধে দিয়েছেন।
টিজারে রণবীর সিংকে এক সম্পূর্ণ রক্তক্ষয়ী ও বিধ্বংসী লুকে দেখা গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, এবারের গল্প প্রতিশোধের ওপর ভিত্তি করেই তৈরি। ভারতের বিরুদ্ধে হওয়া অপরাধের বদলা নিতে হামজাকে এবার আরও ভয়ংকর রূপে দেখা যাবে। প্রথম কিস্তিতে যে প্রশ্নগুলো উত্তরহীন রয়ে গিয়েছিল, তার সবটাই সম্ভবত এই সিক্যুয়েলে পরিষ্কার হবে। অ্যাকশন, রাজনীতি আর আবেগের মোড়কে মোড়া ‘ধুরন্ধর’ গত বছর বক্স অফিসে ১৩০০ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়েছিল।
রণবীর সিং ছাড়াও এই ছবিতে থাকছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপালের মতো একঝাঁক তারকা। প্রথম পার্টটি কেবল হিন্দিতে মুক্তি পেলেও, সাফল্যের কথা মাথায় রেখে ‘ধুরন্ধর ২’ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষাতেও মুক্তি পাবে। আগামী ১৯ মার্চ বড় পর্দায় আছড়ে পড়তে চলেছে এই অ্যাকশন সুনামি। হামজা আলির এই ব্যক্তিগত ও পেশাদার লড়াই দেখার জন্য এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে ভক্তদের মধ্যে।