ট্রাম্প-মোদী চুক্তিতেই কেল্লাফতে! মাত্র কয়েক মিনিটে ২০ লক্ষ কোটি আয় ভারতীয়দের!

মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল দালাল স্ট্রিট। ভারত ও আমেরিকার মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার খবর চাউর হতেই উত্তাল হয়ে ওঠে বাজার। মঙ্গলবার সকালে বাজার খোলার মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিনিয়োগকারীদের সম্পদে যোগ হয়েছে প্রায় ২০ লক্ষ কোটি টাকা। বিএসই (BSE) তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন ৪৫৫ লক্ষ কোটি টাকা থেকে এক ধাক্কায় বেড়ে ৪৭৪ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

সবচেয়ে বড় চমক দেখিয়েছে নিফটি ৫০। একদিনে ১,২০০ পয়েন্টের রেকর্ড উত্থান এর আগে কখনও দেখেনি ভারতের শেয়ার বাজার। এই চুক্তির ফলে রপ্তানিমুখী সংস্থাগুলির পোয়াবারো হয়েছে। ভারত ফোর্জ, অশোক লেল্যান্ড এবং ফেডারেল ব্যাঙ্কের মতো শেয়ারগুলি আজ তাদের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

বিশেষ করে ভারত-মার্কিন ডিলের সরাসরি প্রভাব পড়েছে টেক্সটাইল এবং কেমিক্যাল সেক্টরে। গোকালদাস এক্সপোর্টস, কেপিআর মিলস এবং অরবিন্দের মতো টেক্সটাইল শেয়ারগুলির দাম ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ছোট ও মেজারি মাপের (Midcap & Smallcap) শেয়ারগুলিতেও ছিল ব্যাপক তেজ। ওয়েলস্পান লিভিং এবং ট্রাইডেন্টের মতো শেয়ার ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ঊর্ধ্বমুখী সার্কিট ছুঁয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, এই বাণিজ্যিক সমঝোতা দীর্ঘমেয়াদে ভারতীয় অর্থনীতির ভিতকে আরও মজবুত করবে।