১৫ লাখে ৫৫০ কিমি রেঞ্জ! টয়োটা আনছে ইলেকট্রিক ‘ইবেলা’, কাঁপবে টাটা-মাহিন্দ্রার বাজার?

টয়োটা মানেই ভরসা আর দীর্ঘস্থায়ী পারফরম্যান্স। হাইব্রিড গাড়ির পর এবার ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে আধিপত্য জমাতে টয়োটা নিয়ে আসছে তাদের প্রথম অল-ইলেকট্রিক এসইউভি— আর্বান ক্রুজার ইবেলা (Urban Cruiser Ebella)। ২০ জানুয়ারি গাড়িটির প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই গাড়ি প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। জানা গিয়েছে, এই ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই ভারতের রাস্তায় নামতে চলেছে টয়োটার এই ব্যাটারি চালিত নতুন সদস্য।

তিন ভ্যারিয়েন্টে বাজিমাৎ: টয়োটা ইবেলা-কে মূলত তিনটি ভ্যারিয়েন্টে বাজারে আনা হচ্ছে— ই১ (E1), ই২ (E2) এবং ই৩ (E3)।

ই১ (E1): এতে থাকছে ৪৯ কিলোওয়াট আওয়ার (kWh) ব্যাটারি, যা একবার ফুল চার্জে ৪৪০ কিলোমিটার (ARAI) পর্যন্ত ছুটবে।

ই২ ও ই৩: এই দুটি টপ ভ্যারিয়েন্টে থাকছে আরও শক্তিশালী ৬১ কিলোওয়াট আওয়ার (kWh) ব্যাটারি। দাবি করা হচ্ছে, এই গাড়িগুলি এক চার্জে ৫৪৩ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।

চার্জিং ও নিরাপত্তা: সময়ের গুরুত্ব বুঝে টয়োটা এতে যুক্ত করেছে ডিসি ফাস্ট চার্জিং সুবিধা। মাত্র ৪৫ মিনিটে ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে এই গাড়ি। নিরাপত্তার কথা মাথায় রেখে থাকছে ADAS লেভেল ২ (Advanced Driver Assistance System)। এছাড়াও এতে রয়েছে ৭টি এয়ারব্যাগ, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং প্যানোরামিক সানরুফ।

দাম কত হতে পারে? সূত্র মারফত জানা যাচ্ছে, মধ্যবিত্তের পকেটের কথা মাথায় রেখেই দাম নির্ধারণ করা হয়েছে।

বেস ভ্যারিয়েন্ট ই১-এর এক্স-শোরুম দাম শুরু হতে পারে ১৫.৭৯ লক্ষ টাকা থেকে।

টপ ভ্যারিয়েন্ট ই৩-এর দাম অন-রোড ২০ লক্ষ ৪৯ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

বর্তমানে গাড়িটির বুকিং শুরু হয়েছে মাত্র ২৫,০০০ টাকায়। টাটা কার্ভ ইভি (Tata Curvv EV) এবং এমজি জেডএস ইভি (MG ZS EV)-এর মতো জনপ্রিয় গাড়িগুলিকে কড়া টক্কর দিতে প্রস্তুত টয়োটার এই নতুন ইভি।