‘হাম্পটি ডাম্পটি বাজেট’! নির্মলা সীতারামনকে বেনজির আক্রমণ মমতার, ‘চোরের মায়ের বড় গলা’ বলে কটাক্ষ

২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ হতেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বাজেটকে ‘হাম্পটি ডাম্পটি বাজেট’ বলে অভিহিত করেন। তাঁর দাবি, এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই, বরং এটি একটি ‘মিথ্যার ঝুড়ি’।
ডানকুনি করিডর নিয়ে বিতর্ক: বাজেটে নির্মলা সীতারামন ডানকুনি থেকে সুরাট পর্যন্ত নতুন ফ্রেট করিডরের ঘোষণা করেছেন। এর পাল্টা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই প্রকল্প নতুন নয়। ২০০৯ সালে আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখনই এই ফ্রেট করিডরের প্রস্তাব দিয়েছিলাম। ১৫ বছর ফেলে রেখে এখন নতুন মোড়কে পেশ করা হচ্ছে।” তিনি আরও যোগ করেন, রাজ্য সরকার ইতিমধ্যেই ৬টি ইকোনমিক করিডর তৈরি করছে, যেখানে কেন্দ্র একটি পয়সাও দেয়নি।
‘চোরের মায়ের বড় গলা’: মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র বাংলার টাকা আটকে রেখেছে। তিনি বলেন, “জিএসটি বাবদ আমাদের পাওনা ২ লক্ষ কোটি টাকার বেশি। আমাদের টাকা নিয়ে আমাদেরই বঞ্চনা করা হচ্ছে।” বাজেট পরবর্তী শেয়ার বাজারের ধসকে হাতিয়ার করে তিনি বলেন, “সেনসেক্স ১০০০ পয়েন্টের বেশি পড়েছে, মানুষ এই বাজেট প্রত্যাখ্যান করেছে।” আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বাজেটকে ‘দিশাহীন’ বলে তোপ দাগেন তিনি।