‘অর্থমন্ত্রী কি অর্থনৈতিক সমীক্ষাটি পড়েও দেখেননি?’ নির্মলা সীতারামনকে তীব্র শ্লেষ পি. চিদাম্বরমের

২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পরই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে নজিরবিহীন আক্রমণে বিদ্ধ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পি. চিদাম্বরম। রবিবার নির্মলা সীতারামন তাঁর নবম বাজেট পেশ করার পর চিদাম্বরম ব্যঙ্গাত্মক সুরে প্রশ্ন তোলেন— “অর্থমন্ত্রী কি নিজের পেশ করা অর্থনৈতিক সমীক্ষাটি আদৌ পড়েছেন? নাকি পড়েও সবটা জেনেবুঝে উপেক্ষা করেছেন?” তাঁর মতে, এই বাজেট কেবল বার্ষিক আয়-ব্যয়ের খতিয়ান হয়েই থেকে গেল, দেশের প্রকৃত অর্থনৈতিক সংকট নিরসনে কোনো দূরদর্শিতার ছাপ রাখতে পারল না।

চিদাম্বরম অভিযোগ করেন, এই বাজেট অর্থনীতির যেকোনো শিক্ষার্থীকে হতবাক করে দেবে। তিনি বেকারত্ব, এমএসএমই (MSME) সেক্টরের বিপর্যয় এবং বেসরকারি বিনিয়োগে স্থবিরতার মতো ১০টি গুরুতর চ্যালেঞ্জের একটি তালিকা তুলে ধরেন, যার কোনোটিরই সমাধান এই বাজেটে নেই। চিদাম্বরমের কথায়, অর্থমন্ত্রী কেবল নতুন নতুন প্রকল্পের নাম ঘোষণা আর কমিটির সংখ্যা বাড়াতে ব্যস্ত। তিনি অন্তত ২৪টি এমন ঘোষণার কথা উল্লেখ করেন যা আগামী বছর নাগাদ হয়তো ধামাচাপা পড়ে যাবে। এছাড়াও তামিলনাড়ুসহ দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতি কেন্দ্রের “বৈষম্যমূলক” আচরণের তীব্র নিন্দা জানিয়ে এই বাজেটকে তিনি অন্তঃসারশূন্য ও অবাস্তব বলে আখ্যা দিয়েছেন।