বাজেটের আগেই বাম্পার ধামাকা! জিএসটি সংগ্রহে ইতিহাস গড়ল মোদী সরকার

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন। কিন্তু বাজেট বক্তৃতার কয়েক ঘণ্টা আগেই মোদী সরকারের জন্য এল বড় স্বস্তির খবর। গত জানুয়ারি মাসে জিএসটি (GST) সংগ্রহের পরিসংখ্যান সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, জানুয়ারি ২০২৬-এ মোট জিএসটি সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১.৯৩ লক্ষ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৬.২ শতাংশ বেশি।

রবিবার অর্থ মন্ত্রকের পেশ করা তথ্যে দেখা যাচ্ছে, ২০২৫-২৬ অর্থবর্ষের এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত মোট জিএসটি সংগ্রহের পরিমাণ পৌঁছেছে ১৮.৪৩ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ গত বছরের তুলনায় এই ক্ষেত্রে ৮.৩ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি নথিভুক্ত হয়েছে। জানুয়ারি মাসে নেট জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল ১.৭০ লক্ষ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যেও ভারতের অভ্যন্তরে আর্থিক কার্যকলাপ যে অত্যন্ত ইতিবাচক, এই পরিসংখ্যান তারই প্রমাণ। ডিসেম্বরেও জিএসটি সংগ্রহে জোরালো গতি লক্ষ্য করা গিয়েছিল। কেন্দ্রীয় জিএসটি, রাজ্য জিএসটি এবং ইন্টিগ্রেটেড জিএসটি—প্রতিটি ক্ষেত্রেই উর্ধ্বমুখী গ্রাফ দেখা যাচ্ছে। তবে রিফান্ডের ক্ষেত্রে সামান্য মিশ্র প্রবণতা রয়েছে। রপ্তানি রিফান্ড ২.৯ শতাংশ বাড়লেও, অভ্যন্তরীণ রিফান্ডে কিছুটা ঘাটতি দেখা গিয়েছে। আজকের বাজেটে শিল্প মহল এবং রপ্তানি ক্ষেত্রের জন্য অর্থমন্ত্রী কী বড় ঘোষণা করেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।