তেজ প্রতাপের বাংলো এখন ‘খণ্ডহর’! এসি-ফ্যান থেকে বাল্ব— সব গায়েব হওয়ার বিস্ফোরক অভিযোগ বিজেপি মন্ত্রীর

পাটনার ২৬ এম স্ট্র্যান্ড রোডের হাই-প্রোফাইল সরকারি বাংলোটি এখন বিহার রাজনীতির নতুন রণক্ষেত্র। প্রাক্তন মন্ত্রী এবং জনশক্তি জনতা দলের নেতা তেজ প্রতাপ যাদব বাংলোটি খালি করার পর সেখানে বরাদ্দ পেয়েছেন বিজেপি কোটার মন্ত্রী লখেন্দ্র পাসোয়ান। শনিবার লখেন্দ্র পাসোয়ান ওই বাংলোতে প্রবেশ করার পর দাবি করেন, তেজ প্রতাপ বাংলোটিকে আক্ষরিক অর্থেই খণ্ডহরে পরিণত করে গেছেন।
কি কি গায়েব হওয়ার অভিযোগ? মন্ত্রী লখেন্দ্র পাসোয়ানের অভিযোগ, বাংলোর ভেতর থাকা এসি (Air Condition), পাখা, ফার্নিচার, চেয়ার এমনকি দেওয়ালের ইলেকট্রিক বাল্ব পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, “একজন জনপ্রতিনিধিকে জনগণের সেবা করার জন্য সরকারি খরচে এই সুবিধাগুলি দেওয়া হয়। আবাস ছাড়ার সময় এগুলি সরকারের কাছে ফিরিয়ে দেওয়াই নিয়ম। কিন্তু এখানে সব কিছু শূন্য করে দেওয়া হয়েছে।”
তদন্তের দাবি: বাংলোর বর্তমান অবস্থা বর্ণনা করতে গিয়ে মন্ত্রী বলেন, ছাদ থেকে দেওয়াল— সব কিছুই ক্ষতিগ্রস্ত। থাকার অযোগ্য হয়ে পড়েছে এই জরাজীর্ণ বাড়ি। তেজ প্রতাপ যাদব কেন সব সুবিধা ভোগ করার পর সরকারি জিনিস রেখে গেলেন না, সেই প্রশ্ন তুলে তিনি ভবন নির্মাণ দপ্তরের কাছে অভিযোগ জানিয়েছেন এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। তবে এই গুরুতর অভিযোগ নিয়ে তেজ প্রতাপ যাদবের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।