প্রয়াত পিটি ঊষার স্বামী ভি শ্রীনিবাসন, বাসভবনে পড়ে গিয়েই বিপত্তি! ফোনে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

ভারতীয় ক্রীড়াজগতের কিংবদন্তি এবং ভারতীয় অলিম্পিক্স সংস্থার (IOA) প্রধান পিটি ঊষার জীবনে নেমে এল গভীর শোকের ছায়া। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তাঁর স্বামী ভি শ্রীনিবাসন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে খবর, এদিন ভোরে নিজের বাসভবনেই পড়ে যান শ্রীনিবাসন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পিটি ঊষার স্বামী শ্রীনিবাসন ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মচারী। ১৯৯১ সালে ঊষার সঙ্গে তাঁর বিবাহ হয়। অ্যাথলেটিক্স ট্র্যাকে দৌড় থেকে শুরু করে রাজ্যসভার সাংসদ হওয়া— ঊষার দীর্ঘ এবং বর্ণাঢ্য কর্মজীবনের প্রতিটি পদক্ষেপে শ্রীনিবাসন ছিলেন তাঁর প্রধান শক্তি ও পথপ্রদর্শক। তাঁদের ‘উজ্জ্বল’ নামে এক পুত্রসন্তান রয়েছে।
এই দুঃসংবাদ পাওয়ামাত্রই পিটি ঊষাকে ফোন করে সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সমাজমাধ্যমে শোকপ্রকাশ করে লিখেছেন, “ঊষাজির বর্ণাঢ্য রাজনৈতিক ও ক্রীড়াজীবনে শ্রীনিবাসনজি সবসময় ছায়ার মতো পাশে ছিলেন। এই কঠিন সময়ে পরিবারের সকলকে ঈশ্বর শক্তি দিন।” তাঁর প্রয়াণে ভারতের ক্রীড়া ও রাজনৈতিক মহলে শোকের আবহ।