এক মাসের মাথায় ফের বঙ্গে শাহ! শুক্রবার রাতেই কলকাতায় পা, শনিবাসরীয় জনসভায় কী রাজনৈতিক ধামাকা?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজাতে এক মাসের ব্যবধানে ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। এর আগে গত ডিসেম্বরের শেষে তিন দিনের সফরে রাজ্যে এসে সংগঠনের রাশ টেনে ধরেছিলেন তিনি। এবারের সফর মূলত জেলা স্তরের নেতা-কর্মীদের চাঙ্গা করতে এবং নির্বাচনী রূপরেখা চূড়ান্ত করতেই বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিজেপি সূত্রে খবর, শুক্রবার রাতে কলকাতায় পৌঁছেই নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে রাত্রিবাস করবেন তিনি। মনে করা হচ্ছে, সেখানেই আজ রাতে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি জরুরি সাংগঠনিক বৈঠকে বসবেন শাহ। প্রার্থী বাছাইয়ের প্রাথমিক খসড়া থেকে শুরু করে বুথ স্তরের সক্রিয়তা— সমস্ত বিষয়েই রিপোর্ট কার্ড তলব করতে পারেন তিনি। বিশেষ করে দিলীপ ঘোষের সক্রিয় প্রত্যাবর্তনের পর দলের অভ্যন্তরীণ সংহতি ফেরানোই তাঁর অন্যতম লক্ষ্য।
শনিবার সকালে শাহের গন্তব্য উত্তর ২৪ পরগনার শিল্পশহর ব্যারাকপুর। সেখানকার আনন্দপুর মাঠে এক বিশাল জনসভা ও কর্মিসভায় যোগ দেবেন তিনি। ব্যারাকপুরের কর্মসূচি সেরে তিনি সরাসরি উড়াল দেবেন উত্তরবঙ্গের বাগডোগরায়। বিকেলে শিলিগুড়ির গোঁসাইপুর উত্তরা ময়দানে দলের কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে যে ‘অল আউট’ ঝাঁপাতে চায় বিজেপি, শাহের এই ঘনঘন সফর তারই স্পষ্ট ইঙ্গিত।