ছুটির দিনেও খুলবে বাজার! রবিবার কি মধ্যবিত্তের মুখে হাসি ফোটাবেন নির্মলা? ১ ক্লিকেই জানুন সব আপডেট

তৈরি হচ্ছে নতুন ইতিহাস। ভারতের সংসদীয় ইতিহাসে সচরাচর যা দেখা যায় না, এবার সেটাই হতে চলেছে। আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৬— ক্যালেন্ডার বলছে দিনটি রবিবার। দেশজুড়ে ছুটির মেজাজ থাকলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে দিনটি হতে চলেছে চূড়ান্ত ব্যস্ততার। টানা নবমবারের মতো পূর্ণাঙ্গ বাজেট পেশ করে অনন্য নজির গড়তে চলেছেন তিনি।
২০১৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি ব্রিটিশ আমলের প্রথা ভেঙে বাজেট পেশের দিনটি ফেব্রুয়ারির শেষ তারিখ থেকে সরিয়ে ১ ফেব্রুয়ারিতে নিয়ে এসেছিলেন। সেই নিয়ম বজায় রাখতে গিয়েই এবার রবিবাসরীয় ছুটির দিনে বাজেট পেশের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। শুধু সংসদ নয়, ওই দিন খোলা থাকছে দালাল স্ট্রিটও। বিনিয়োগকারীদের সুবিধার্থে ১ ফেব্রুয়ারি রবিবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এবং বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) বিশেষ ট্রেডিং সেশন চালানোর কথা ঘোষণা করেছে। ফলে অর্থমন্ত্রীর প্রতিটি ঘোষণার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে যে বড়সড় ওঠানামা দেখা যাবে, তা বলাই বাহুল্য।
বাজেট ২০২৬: কী কী থাকছে নজরে? বৃহস্পতিবারই সংসদে পেশ হয়েছে ‘ইকোনমিক সার্ভে ২০২৫-২৬’। সেখানে আগামী অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৮ শতাংশ থেকে ৭.২ শতাংশ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে রবিবারের বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি, আয়কর কাঠামোয় বড়সড় রদবদল এবং নতুন কর ব্যবস্থার (New Tax Regime) সরলীকরণ নিয়ে অর্থমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে আছে মধ্যবিত্ত থেকে শুরু করে চাকরিজীবী মহল।
কখন এবং কোথায় দেখবেন? রবিবার সকাল ১১টায় লোকসভায় বাজেট বক্তৃতা শুরু করবেন নির্মলা সীতারামন। বাজেটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, কোন জিনিসের দাম বাড়ল আর কোনটির কমল— সব খবর সবার আগে পেতে চোখ রাখুন টিভি৯ বাংলায়। শেয়ার বাজারের লাইভ আপডেট থেকে শুরু করে সাধারণ মানুষের পকেটে কতটা টান পড়ল, সবটাই দেখতে পাবেন এক ক্লিকে।