‘ওরা কি মেরেই ফেলল?’ মিনিয়াপলিসে পুলিশের গুলিতে ঝাঁঝরা যুবক! ভাইরাল ভিডিওতে শিউরে উঠল বিশ্ব

আমেরিকার মিনিয়াপলিসে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ মৃত্যুর ক্ষত এখনও শুকোয়নি, এরই মাঝে ফের এক ভয়াবহ হত্যাকাণ্ডের সাক্ষী থাকল শহরটি। শনিবার ‘গ্ল্যাম ডল ডোনাটস’-এর বাইরে ৩৭ বছর বয়সী অ্যালেক্স জেফ্রি প্রিটিকে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি চালাল ফেডারেল বর্ডার পেট্রোল এজেন্টরা। ঘটনার একটি শিউরে ওঠা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা।

ভিডিওতে কী দেখা যাচ্ছে? প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, অন্তত চারজন এজেন্ট প্রিটিকে মাটিতে ফেলে আয়ত্তে আনার চেষ্টা করছেন। ভিডিওর শুরুতে প্রিটিকে শান্ত দেখাচ্ছিল এবং তাঁর হাতে কেবল একটি মোবাইল ফোন ছিল। কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি। ঠিক তখনই হঠাৎ ঝঁঝাঁকে শব্দে অন্তত ১০ রাউন্ড গুলি চালায় এজেন্টরা। ভিডিও ধারণকারী এক ব্যক্তিকে আতঙ্কে চিৎকার করে বলতে শোনা যায়, “ওরা কি ওকে মেরেই ফেলল? মজা করছ? লোকটা মারা গেছে!”

ট্রাম্পের সমর্থন ও পুলিশের সাফাই এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সরাসরি ফেডারেল এজেন্টদের পাশে দাঁড়িয়েছে। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঘটনার একটি বিকল্প ভিডিও শেয়ার করে একে ‘আত্মরক্ষা’ বলে দাবি করেছেন। প্রশাসনের তরফে একটি ছবি প্রকাশ করা হয়েছে যেখানে গাড়ির সিটে একটি হ্যান্ডগান দেখা যাচ্ছে। তাদের দাবি, প্রিটি হিংসাত্মক প্রতিরোধ গড়ে তুলেছিলেন বলেই এজেন্টরা গুলি চালাতে বাধ্য হন। যদিও ভিডিওতে দেখা গেছে, গুলি চালানোর ঠিক আগে প্রিটির হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না।

গভর্নরের তোপ ও জনরোষ মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হোয়াইট হাউসের হস্তক্ষেপ দাবি করেছেন। তিনি মিনেসোটা থেকে “অপ্রশিক্ষিত এবং হিংস্র” ফেডারেল অফিসারদের বহিষ্কারের ডাক দিয়েছেন। গত ৭ জানুয়ারি আইসিই (ICE) অফিসারদের হাতে রেনি নিকোল গুডের হত্যার পর থেকেই শহরটি বিক্ষোভে উত্তাল ছিল, প্রিটির মৃত্যু সেই আগুনে ঘি ঢেলেছে। বর্তমানে মিনিয়াপোলিস প্রশাসন জনগণকে শান্ত থাকার অনুরোধ জানালেও শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।