গোয়ায় ‘রুশ সিরিয়াল কিলার’! দুই স্বদেশী তরুণীর পর অসমের মহিলাকেও খুন, ফোনে ১০০ নারীর ছবি

সমুদ্রসৈকতের শান্ত পরিবেশকে স্তব্ধ করে দিয়ে গোয়ায় সামনে এল এক ভয়ংকর ‘সিরিয়াল কিলার’-এর কাহিনি। আলেক্সেই লিওনভ নামে এক রুশ নাগরিকের বিরুদ্ধে দুই রুশ তরুণী এবং অসমের এক মহিলাকে খুনের অভিযোগ উঠেছে। গোয়া পুলিশের তদন্তে এই রুশ নাগরিকের যে প্রোফাইল সামনে আসছে, তা কোনো থ্রিলার সিনেমার গল্পকেও হার মানায়।

তদন্তকারী অফিসারদের দাবি, লিওনভ দীর্ঘদিন ধরে ভারতে রয়েছেন এবং মাদকের নেশায় আসক্ত। গত ১২ জানুয়ারি গোয়ায় অসমের বাসিন্দা মৃদুষ্মিতা শইকীয়ার দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে এটিকে ড্রাগ ওভারডোজ বলে মনে করা হলেও, জেরায় লিওনভ স্বীকার করেছে যে সে নিজেই মৃদুষ্মিতাকে মাদক খাইয়ে খুন করেছে। এর আগে ১০ ও ১১ জানুয়ারির ব্যবধানে দুই রুশ তরুণী এলেনা ভানিভা এবং এলেনা কাস্তানোভাকেও নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, লিওনভ একজন ‘সাইকোপ্যাথ’। তার মোবাইল ফোন তল্লাশি করে প্রায় ১০০ জন মহিলার ছবি পাওয়া গিয়েছে। তদন্তকারীদের মতে, লিওনভ মহিলাদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করলেও খুব সহজেই তাদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলত। তার ফোনে মহিলাদের পাশাপাশি কয়েকজন পুরুষেরও ছবি মিলেছে। জেরায় সে আরও ৫ জনকে খুনের দাবি করলেও পুলিশ যাচাই করে দেখেছে যে সেই ব্যক্তিরা জীবিত। অর্থাৎ, সে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাও করছে। বর্তমানে এই খুনিকে হেফাজতে নিয়ে আরও কোনো গভীর চক্রান্ত বা ড্রাগ চক্রের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে গোয়া পুলিশ।