মাঝরাস্তায় অক্ষয় কুমারের কনভয়ে ভয়াবহ দুর্ঘটনা! দুমড়ে মুচড়ে গেল অটো, কেমন আছেন ‘খিলাড়ি’?

মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় বড়সড় দুর্ঘটনার মুখে অভিনেতা অক্ষয় কুমারের সিকিউরিটি কনভয়। সোমবার রাতে মুম্বই বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে জুহুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে স্বস্তির খবর এই যে, অভিনেতা অক্ষয় কুমার এবং তাঁর পরিবার সম্পূর্ণ অক্ষত আছেন।
ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, রাত ৯টা নাগাদ মুম্বই বিমানবন্দর থেকে ফিরছিলেন অক্ষয় কুমার। জুহু এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটো রিক্সাকে পিছন থেকে ধাক্কা মারে। ধাক্কার চোটে অটোটি উল্টে গিয়ে সরাসরি অক্ষয় কুমারের এসকর্ট গাড়ির সামনে পড়ে এবং সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে অটোটি কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে সেই ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে।
মানবিক অক্ষয় কুমার: দুর্ঘটনা ঘটার সাথে সাথেই গাড়ি থামিয়ে নেমে আসেন অক্ষয় কুমার ও তাঁর কর্মীরা। অভিনেতা নিজেই উদ্ধারকার্যে হাত লাগান এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে অটো চালক হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহত চালকের ভাই মহম্মদ সমীর সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “ভাইয়ের অবস্থা খুবই খারাপ। আমরা চাই ও যেন সঠিক চিকিৎসা পায় এবং এই ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়।”
ঘটনার পর থেকে অক্ষয়ের অনুরাগীরা তাঁর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অভিনেতার টিমের তরফে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও, অক্ষয়ের এই তৎপরতা ও মানবিক আচরণ নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছে।