মৃত্যুর সেকন্ড হ্যায়েন্ড! স্পেনে ভুল ট্র্যাকে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন ২১ জন

স্পেনের দক্ষিণ প্রান্তের আন্দালুসিয়া অঞ্চলে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ঘটা এই মর্মান্তিক সংঘর্ষে আহত হয়েছেন ৭০ জনেরও বেশি যাত্রী। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে ‘গভীর শোকের রাত’ বলে বর্ণনা করেছেন। স্পেনের রেল নেটওয়ার্ক অপারেটর এডিআইএফ (ADIF) জানিয়েছে, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদমউজের কাছে লাইনচ্যুত হয়ে বিপরীত দিকের ট্র্যাকে চলে আসায় এই ভয়াবহ সংঘর্ষ ঘটে।
কীভাবে ঘটল এই অলৌকিক বিপর্যয়? পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে ট্র্যাকের এমন একটি অংশে যা সম্প্রতি গত মে মাসে পুরোপুরি সংস্কার করা হয়েছিল। লাইনচ্যুত হওয়া প্রথম ট্রেনটি ছিল একেবারে নতুন। মালাগা থেকে মাদ্রিদগামী ‘ইরিও’ (Iryo) কোম্পানির ট্রেনটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। আদমউজের কাছে পৌঁছলে ট্রেনটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ট্র্যাকে চলে যায় এবং বিপরীত দিক থেকে আসা রাষ্ট্রীয় সংস্থা ‘রেনফে’ (Renfe)-র একটি ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
হতাহতের বিভীষিকা: আন্দালুসিয়ার জরুরি পরিষেবার প্রধান আন্তোনিও সানজ জানিয়েছেন, ঘটনাস্থলেই ২১ জন প্রাণ হারিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ৭৩ জনের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কর্ডোবার দমকল প্রধান ফ্রান্সিসকো কারমোনা জানিয়েছেন, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ট্রেনের একটি অংশ দুমড়ে-মুচড়ে গেছে, যার ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করতে হিমশিম খেতে হয়েছে কর্মীদের।
আন্তর্জাতিক মহলের শোক: এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন এক্স (X) হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন। তিনি স্প্যানিশ ভাষায় লিখেছেন, “কর্ডোবা থেকে আসা এই ভয়াবহ খবরে আমি গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রইল।” দুর্ঘটনার সঠিক কারণ এখনো রহস্যের আবরণে ঢাকা। নতুন ট্রেন এবং সংস্কার করা ট্র্যাকে কীভাবে এমন বিচ্যুতি ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।