মাঝরাস্তায় পাক ড্রোনের খেল খতম! সাম্বায় বিএসএফ-এর অভিযানে উদ্ধার চিনা পিস্তল ও গ্রেনেড

প্রজাতন্ত্র দিবসের আগে জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। সাম্বা জেলার মাওয়া এলাকায় পাকিস্তানি ড্রোনের মাধ্যমে ফেলা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন জওয়ানেরা। বিএসএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর যৌথ তৎপরতায় এই সাফল্য মিলেছে।

শুক্রবার রাতে সীমান্তের আকাশে সন্দেহজনক ড্রোনের আওয়াজ পেতেই সতর্ক হয়ে যান জওয়ানেরা। দেখা যায়, পাকিস্তানি ড্রোনটি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে একটি হলুদ টেপে মোড়া প্যাকেট ফেলে দ্রুত ফিরে যায়। তল্লাশি চালাতেই একটি স্রোতের তীর থেকে উদ্ধার হয় সেই প্যাকেট। বোমা নিষ্ক্রিয়করণ দলের উপস্থিতিতে সেটি খুললে তার ভিতর থেকে একটি চিনা ৯এমএম পিস্তল, একটি গ্লক পিস্তল, ৩টি ম্যাগাজিন এবং ২টি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়।

তদন্তকারীদের অনুমান, প্রজাতন্ত্র দিবসের আগে উপত্যকায় রক্তক্ষয়ী হামলা চালাতেই এই ঘাতক অস্ত্রগুলি পাঠিয়েছিল সীমান্তের ওপারের জঙ্গি গোষ্ঠীগুলো। উল্লেখ্য, ২০২৫ সালে বিএসএফ ২৫০টিরও বেশি ড্রোন নিষ্ক্রিয় করেছে। মাওয়া-সাম্বা সেক্টরের এই উদ্ধার অভিযান বড়সড় বিপদের হাত থেকে রক্ষা করল সীমান্তবাসীকে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি আপাতত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।