শব্দের চেয়ে ৫ গুণ গতি! ডিআরডিও-র হাতে নয়া ‘ব্রহ্মাস্ত্র’, হাইপারসনিক যুদ্ধের প্রস্তুতিতে কাঁপছে বিশ্ব

প্রতিরক্ষা প্রযুক্তিতে বিশ্বকে চমকে দিয়ে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। হায়দ্রাবাদের ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি’ (DRDL)-তে স্ক্র্যামজেট কম্বাস্টারের দীর্ঘমেয়াদী স্থল পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সাফল্যের ফলে শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতির (হাইপারসনিক) ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির পথে কয়েক ধাপ এগিয়ে গেল ভারত।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, অত্যাধুনিক ‘স্ক্র্যামজেট কানেক্ট পাইপ টেস্ট’ (SCPT) সুবিধায় এই পরীক্ষা চালানো হয়। এই ইঞ্জিন সুপারসনিক দহনের মাধ্যমে দীর্ঘ সময় উড়তে সক্ষম, যা ভারতের ভবিষ্যৎ হাইপারসনিক মিসাইল প্রোগ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন করল। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যে বিজ্ঞানী ও শিল্প অংশীদারদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই অর্জন ভারতকে উন্নত মহাকাশ সক্ষমতার ক্ষেত্রে বিশ্বের প্রথম সারিতে নিয়ে এল।”

ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ সমীর ভি. কামাত এই কৃতিত্বের জন্য পরীক্ষামূলক দলগুলিকে কুর্নিশ জানিয়েছেন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলি ঘণ্টায় ৬,১০০ কিলোমিটারের বেশি বেগে ছুটতে সক্ষম, যা বর্তমানের যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে রুখে দেওয়া কার্যত অসম্ভব। এই সফল গ্রাউন্ড টেস্টের মাধ্যমে ভারত তার নিজস্ব প্রযুক্তিতে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা প্রমাণ করল।