ভোটমুখী বাংলায় ফের এনআইএ অ্যাকশন! ময়না খুনের মামলায় ১৭ নম্বর গ্রেফতারি, কাঁপছে তৃণমূলের অন্দরমহল

পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের মামলায় ফের বড়সড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ২০২৩ সালের সেই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সবংয়ের দশগ্রাম এলাকা থেকে স্বপন ভৌমিক নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। এই নিয়ে চাঞ্চল্যকর এই খুনের মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ১ মে। ওইদিন সন্ধ্যায় বাকচা এলাকায় নিজের বাড়ির সামনেই বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে অপহরণ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহতের স্ত্রী লক্ষ্মীরানি ভূঁইয়া ৩৪ জন তৃণমূল নেতা-কর্মীর নামে এফআইআর করেছিলেন। পরবর্তীতে আদালতের নির্দেশে তদন্তের ভার নেয় এনআইএ। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত স্বপন ভৌমিকের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রে সরাসরি যুক্ত থাকার একাধিক অকাট্য প্রমাণ মিলেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।
এই গ্রেফতারির পর শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি, “খুনিরা কেউ ছাড় পাবে না, আইনি প্রক্রিয়ায় সত্য সামনে আসবেই।” অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে এই গ্রেফতারিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে কটাক্ষ করা হয়েছে। লোকসভা ভোটের মুখে এনআইএ-র এই সক্রিয়তা ময়না ও সবং এলাকায় রাজনৈতিক সমীকরণ ও উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।