মমতার হাতে অমিত শাহের ‘পেন ড্রাইভ’? বড় পর্দাফাঁসের আগেই মানহানির মামলার হুঁশিয়ারি বিরোধী দলনেতার

তৃণমূলের ভোট কুশলী সংস্থা আই-প্যাক (I-PAC) অফিসে ইডির তল্লাশিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নজিরবিহীন সংঘাত শুরু হয়েছে। গত ৮ জানুয়ারি কলকাতায় আই-প্যাক অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানের প্রতিবাদে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিবাদের মঞ্চ থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কয়লা পাচার মামলায় জড়িত থাকার গুরুতর অভিযোগ তোলেন তিনি।

মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, কয়লা কেলেঙ্কারির টাকা শুভেন্দুর মাধ্যমে সরাসরি অমিত শাহের কাছে পৌঁছয় এবং তাঁর কাছে এই সংক্রান্ত সমস্ত তথ্য সম্বলিত একটি ‘পেন ড্রাইভ’ রয়েছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতেই শুক্রবার পালটা আইনি পদক্ষেপ নিলেন শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রীকে একটি আইনি নোটিশ পাঠিয়ে স্পষ্ট জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর এই দাবির সপক্ষে তথ্যপ্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করবেন বিরোধী দলনেতা।

ইতিমধ্যেই আই-প্যাক অফিসে অভিযানের প্রতিবাদে ইডির বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছেন মুখ্যমন্ত্রী। এই আক্রমণ-পালটা আক্রমণের জেরে লোকসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।