“মুখ্যমন্ত্রী ফৌজদারি অপরাধ করেছেন!” আইপ্যাক কাণ্ডে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

আইপ্যাক (I-PAC) দফতরে ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে এবার সরাসরি ময়দানে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়কের দাবি, কেন্দ্রীয় এজেন্সির কাজে হস্তক্ষেপ করে মুখ্যমন্ত্রী কেবল অনৈতিক কাজই করেননি, বরং স্পষ্ট ‘ফৌজদারি অপরাধ’ করেছেন।
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তদন্ত চলাকালীন নথিপত্র সরিয়ে নেওয়া বা আধিকারিকদের কাজে বাধা দেওয়া আইনত দণ্ডনীয়। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণের কথা উল্লেখ করে তিনি বলেন, “তদন্তের মাঝপথে মুখ্যমন্ত্রীর এমন আচরণ বেআইনি।” তাঁর মতে, রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েও এভাবে একটি বেসরকারি সংস্থার হয়ে দালালি করা নজিরবিহীন।
বিরোধী দলনেতার দাবি, কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেওয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন যে তিনি আইনের ঊর্ধ্বে থাকতে চাইছেন। ইডি ইতিমধ্যে এই ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছে, আর সেই ইস্যুকে হাতিয়ার করেই এবার রাজ্যের শাসকদল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ আরও তীব্র করলেন শুভেন্দু।