সবজি না এবার পাতে পড়বে চাটনি! কুমড়োর এই বিশেষ রেসিপি ট্রাই করেছেন কি?

সাধারণত কুমড়ো দিয়ে আমরা তরকারি, সুপ বা হালুয়াই খেয়ে থাকি। কিন্তু আপনি কি কখনও কুমড়োর চাটনি চেখে দেখেছেন? এই চাটনি যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যের জন্য উপকারী। কুমড়োতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা পরিপাকতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে। তেঁতুলের টক আর গুড়ের মিষ্টির যুগলবন্দি এই চাটনিকে সাধারণ চাটনির চেয়ে আলাদা করে তোলে।

উপকরণ: ১ কাপ কুমড়ো, ১ চা চামচ সরষে, ২ টি শুকনো লঙ্কা, ২-৩ কোয়া রসুন, সামান্য আদা, ১ চামচ তেঁতুলের পাল্প, ১-২ টুকরো গুড়, নুন স্বাদমতো, ১ চামচ তেল এবং ফোঁড়নের জন্য কারিপাতা ও রাই।

প্রস্তুত প্রণালী: প্রথমে কুমড়ো ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিন। এরপর কড়াইতে তেল গরম করে সরষে, শুকনো লঙ্কা, আদা ও রসুন হালকা ভেজে নিন। তাতে সেদ্ধ কুমড়ো দিয়ে ২-৩ মিনিট নাড়াচাড়া করুন। মিশ্রণটি ঠান্ডা হলে মিক্সারে তেঁতুল, গুড় ও নুন দিয়ে সামান্য দানা থাকা অবস্থায় পিষে নিন। শেষে রাই ও কারিপাতার ফোঁড়ন দিলেই তৈরি জিভে জল আনা কুমড়োর চাটনি।

এটি আপনি পরোটা, ইডলি-ডোসা বা গরম ডাল-ভাতের সাথে পরিবেশন করতে পারেন। ফ্রিজে রেখে ২-৩ দিন পর্যন্ত এটি খাওয়া সম্ভব।