দালাল স্ট্রিটে রক্তস্নান! ৫ দিনে ১১.৫৬ লক্ষ কোটি টাকা সাফ, ট্রাম্পের ‘শুল্ক-হুমকিতে’ কাঁপছে বাজার

ভারতীয় শেয়ার বাজারে ক্রমাগত ধস নামার জেরে বিনিয়োগকারীদের মধ্যে হাহাকার শুরু হয়েছে। শুক্রবার নিয়ে টানা পঞ্চম দিনের মতো পতনের সাক্ষী থাকল দালাল স্ট্রিট। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৪৫০ পয়েন্টের বেশি কমে ৮৪,০০০ পয়েন্টের নিচে নেমে গেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, মাত্র ৫টি ট্রেডিং সেশনে বিনিয়োগকারীরা প্রায় ১১.৫৬ লক্ষ কোটি টাকা হারিয়েছেন। বর্তমানে সেনসেক্স ৮৩,৭৪৭ পয়েন্টের আশেপাশে ঘোরাফেরা করছে, যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন স্তর।
বাজার বিশেষজ্ঞদের মতে, এই মহাধসের নেপথ্যে রয়েছে একাধিক আন্তর্জাতিক কারণ। সবথেকে বড় আশঙ্কার নাম ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার কাছ থেকে তেল কেনার প্রতিবাদে ভারতীয় পণ্যের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক চাপানোর ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের এই কড়া অবস্থানের পাশাপাশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (FII) শেয়ার বিক্রির ধুম বাজারকে আরও তলানিতে নিয়ে গেছে। শুধুমাত্র জানুয়ারিতেই বিদেশি বিনিয়োগকারীরা ৮,০৮০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন।
এ ছাড়াও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Brent Crude) দাম বেড়ে প্রতি ব্যারেল ৬২.৩২ ডলারে পৌঁছানো এবং ডলারের বিপরীতে টাকার দাম কমে ৮৯.৯৭ হওয়া ভারতীয় অর্থনীতির জন্য অশনি সংকেত বয়ে আনছে। আজ নিফটিও প্রায় ১২২ পয়েন্ট কমে ২৫,৭৬১ স্তরে লেনদেন করছে। মাত্র ৫ দিনেই সেনসেক্স ও নিফটি ২ শতাংশের বেশি পয়েন্ট খুইয়েছে। বিনিয়োগকারীরা এখন উৎকণ্ঠার সাথে মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন, কারণ সেখান থেকেই ঠিক হবে বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ এবং ভারতীয় বাজারের গতিপথ।