ফরাক্কায় দিল্লির হাই-প্রোফাইল টিম! গঙ্গা জলবণ্টন চুক্তির মেয়াদ ফুরনোর আগেই শুরু বড়সড় প্রস্তুতি

ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী গঙ্গা জলবণ্টন চুক্তির মেয়াদ এ বছরের (২০২৬) ডিসেম্বরেই শেষ হচ্ছে। এই চুক্তি শেষ হওয়ার আগেই নড়চড়ে বসেছে দিল্লি। গঙ্গার বর্তমান অবস্থা এবং ব্যারেজের নাব্যতা খতিয়ে দেখতে ফরাক্কায় এসে পৌঁছাল কেন্দ্রীয় জল সম্পদ দফতরের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলটি ফরাক্কা ব্যারেজের পাশাপাশি বীরনগর ফিডার ক্যানেলও পরিদর্শন করেন। চুক্তির নিয়ম অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত গঙ্গা ও পদ্মার নির্ধারিত পয়েন্টে জলের স্তর পরিমাপ করা হয়। এই টেকনিক্যাল টিমের রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী চুক্তি পুনর্নবীকরণের রূপরেখা তৈরি হবে। একদিকে তিস্তা চুক্তি নিয়ে যখন দীর্ঘ টালবাহানা চলছে, তখন গঙ্গা চুক্তির মেয়াদ ফুরনোর আগে কেন্দ্রের এই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।