ডলারের দাপট কমাতে ভারতের মাস্টারস্ট্রোক! এবার ইজরায়েলের সঙ্গে বাণিজ্য হবে সরাসরি রুপিতে

ভারত ও ইজরায়েলের অর্থনৈতিক সম্পর্কে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হতে চলেছে। আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একাধিপত্য কমিয়ে ভারতীয় মুদ্রার আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ইজরায়েলে একমাত্র ভারতীয় ব্যাঙ্কিং শাখা হিসেবে এসবিআই এখন দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্য সরাসরি ‘রুপিতে’ নিষ্পত্তি করার সুবিধা দিচ্ছে।
তেল আভিভ শাখার সিইও ভি. মণিবনন জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নির্দেশিকা মেনে ইজরায়েলকে এই রুপি-বাণিজ্য প্রক্রিয়ার অংশীদার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে ‘স্পেশাল রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট’ (SRVA)-এর মাধ্যমে ইজরায়েলি আমদানিকারকরা সরাসরি রুপিতে পেমেন্ট করতে পারবেন। এতে মুদ্রা বিনিময়ের বাড়তি খরচ ও ঝুঁকি কমবে, যা প্রতিরক্ষা, প্রযুক্তি এবং কৃষির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও গতিশীল করবে।
বাণিজ্যের পাশাপাশি ইজরায়েলে কর্মরত হাজার হাজার ভারতীয় শ্রমিকদের জন্যও খুশির খবর এনেছে এসবিআই। এবার থেকে তাঁদের উপার্জিত অর্থ বা রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া অনেক বেশি সহজ ও সাশ্রয়ী হবে। দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (FTA) নিয়ে আলোচনার আবহে এসবিআই-এর এই উদ্যোগ ভারতের ভূ-রাজনৈতিক কৌশলের এক বিশাল জয় হিসেবে দেখা হচ্ছে। ইজরায়েলি ব্যবসায়ীদের সচেতন করতে ইতিমধ্যে একাধিক ওয়েবিনারের মাধ্যমে প্রচার শুরু করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।