পাক-বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তিতে বড় চমক! সুপার মুশশাক বিমান কিনছে ঢাকা, জেএফ-১৭ নিয়ে ধোঁয়াশা

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু হয়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রক (MOFA) নিশ্চিত করেছে যে, বাংলাদেশ বিমান বাহিনীকে (BAF) ‘সুপার মুশশাক’ প্রশিক্ষণ বিমান সরবরাহের জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় পাইলট প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইসলামাবাদ। সূত্রের খবর, ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকেই এই বিমানের জোগান শুরু হতে পারে।
তবে আলোচনার কেন্দ্রে থাকা ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমান নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, জেএফ-১৭ সম্পর্কিত খবরগুলি বর্তমানে পাকিস্তানের ‘ইনফরমেশন ওয়ারফেয়ার’ বা প্রচার কৌশলের অংশ হতে পারে। অন্যদিকে, বাংলাদেশ বিমান বাহিনী ইউরোফাইটার টাইফুনের মতো উন্নত পশ্চিমা যুদ্ধবিমান কেনার বিকল্পটি গুরুত্বের সাথে বিবেচনা করছে। ফলে জেএফ-১৭ থান্ডার স্কোয়াড্রন নিয়ে আলোচনা আপাতত প্রচারণার স্তরেই সীমাবদ্ধ বলে মনে করা হচ্ছে।
প্রতিরক্ষা কূটনীতির এই আবহে পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু সৌদি আরব সফর করেছেন। সেখানে তিনি সৌদি আরবের বিমান বাহিনী প্রধান এবং সেনাপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৈঠক করেন। সৌদি নেতৃত্ব আঞ্চলিক শান্তি রক্ষায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করলেও, বাংলাদেশের আকাশে শেষ পর্যন্ত পাকিস্তানের যুদ্ধবিমান উড়বে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে কৌতূহল তুঙ্গে।