৬০০০ টাকার নিচে ধামাকা ফোন! ৯০ হার্টজ ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি নিয়ে এল Itel Zeno 20 Max

বাজেট স্মার্টফোনের বাজারে বড়সড় ধাক্কা দিল আইটেল (Itel)। বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল তাদের লেটেস্ট মডেল Itel Zeno 20 Max। মাত্র ৬,৫০০ টাকার নিচের এই ফোনে এমন কিছু ফিচার দেওয়া হয়েছে, যা সাধারণত দামী স্মার্টফোনে দেখা যায়। ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে মাত্র ৫,৭৯৯ টাকা থেকে। অন্যদিকে, ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ৬,১৬৯ টাকায়। অরোরা ব্লু, স্পেস টাইটেনিয়াম এবং স্টারলিট—এই তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি এখন আমাজন (Amazon) থেকে কেনা যাচ্ছে।
ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এত কম দামে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং অ্যাপেলের মতো ‘ডায়নামিক বার’ ফিচার সত্যিই চমকপ্রদ। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে ইউনিসক টি৭১০০ অক্টা-কোর প্রসেসর। মেমোরি ফিউশন প্রযুক্তির সাহায্যে এর র্যাম ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
ফটোগ্রাফির জন্য পিছনে ১৩ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ৫,০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি। যদিও ফোনটি ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে, তবে বক্সের সাথে মিলবে ১০ ওয়াটের চার্জার। নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচারের পাশাপাশি জল ও ধুলো থেকে বাঁচাতে এতে রয়েছে IP54 রেটিং। মাস শেষ হওয়ার আগেই ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটিও বাজারে আসবে বলে জানিয়েছে সংস্থা।