গাজা থেকে ইরান— বন্ধু বেশে পাকিস্তানকে চরম অবিশ্বাস আমেরিকার! সামনে এল বিস্ফোরক রিপোর্ট

ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন-ইসরায়েলি একটি গোপন প্রতিনিধি দল বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছে বলে খবর, যাদের মূল লক্ষ্য ইরানি শাসনব্যবস্থা উৎখাতে পাকিস্তানের সহায়তা নেওয়া। এমনকি গাজায় সেনা পাঠানোর জন্যও পাকিস্তানকে অনুরোধ করেছে আমেরিকা। তবে এরই মাঝে ‘গেটস্টোন ইনস্টিটিউট’-এর একটি বিস্ফোরক রিপোর্টে দাবি করা হয়েছে যে, আমেরিকা আসলে পাকিস্তানকে বিন্দুমাত্র বিশ্বাস করে না।
রিপোর্টে বলা হয়েছে, ‘মেজর নন-ন্যাটো মিত্র’ (MNNA) হওয়া সত্ত্বেও পাকিস্তান বারবার আমেরিকার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওয়াশিংটন মনে করে, পাকিস্তান মুখে বন্ধুত্বের কথা বললেও বাস্তবে তাদের অগ্রাধিকার সবসময় ইরান এবং চীন। ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মের পর ইরানই ছিল প্রথম দেশ যারা তাদের স্বীকৃতি দেয়। বর্তমানে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক প্রায় ২.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এমনকি বালুচ বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে দুই দেশের সামরিক বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, যা আমেরিকার অস্বস্তি বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) এবং চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এ ইরানের যোগদানের আগ্রহ এই অক্ষকে আরও শক্তিশালী করেছে। নিউইয়র্ক-ভিত্তিক থিংক ট্যাঙ্কটির দাবি, গাজা বা ইসরায়েল ইস্যুতে পাকিস্তান কখনোই আমেরিকার নির্ভরযোগ্য অংশীদার হতে পারে না কারণ তারা এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এমতাবস্থায় পাকিস্তানের বিশেষ মিত্রের মর্যাদা পুনর্বিবেচনা করার জন্য মার্কিন প্রশাসনের ওপর চাপ বাড়ছে।