৬.৬ শতাংশ হারে ছুটবে ভারতের জিডিপি (GDP)! ট্রাম্পের শুল্ক-নীতি সত্ত্বেও অপ্রতিরোধ্য মোদী সরকার

বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধের আবহেও ভারতীয় অর্থনীতির জয়গান গাইল রাষ্ট্রসংঘ। সম্প্রতি প্রকাশিত ‘World Economic Situation and Prospects 2026’ শীর্ষক প্রতিবেদনে রাষ্ট্রসংঘ জানিয়েছে, ২০২৬ সালে বিশ্বের গড় অর্থনৈতিক বৃদ্ধির হার যেখানে ২.৭ শতাংশে থমকে যেতে পারে, সেখানে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৬.৬ শতাংশ।

মহামারীর ধাক্কা এবং মার্কিন শুল্ক বৃদ্ধির ফলে অনেক উন্নত দেশ যখন ধুঁকছে, তখন ভারতের অভ্যন্তরীণ চাহিদা এবং নতুন বাজার খোঁজার ইতিবাচক প্রচেষ্টা অর্থনীতিকে চাঙ্গা রেখেছে। রাষ্ট্রসংঘের মতে, মুদ্রাস্ফীতি কমলেও অনেক দেশে জীবনযাত্রার ব্যয় আকাশছোঁয়া, যা বিশ্ব অর্থনীতিতে দীর্ঘস্থায়ী ধীর গতির ঝুঁকি তৈরি করছে। তবে ভারতই একমাত্র প্রধান অর্থনীতি হতে চলেছে যা ২০২৫-২৬ সালে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে।

যদিও রাষ্ট্রসংঘ আগে ভারতের বৃদ্ধির পূর্বাভাস ৭.৪ শতাংশ দিয়েছিল, যা এখন কমিয়ে ৬.৬ শতাংশ করা হয়েছে, তবুও তা আইএমএফ (IMF)-এর পূর্বাভাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের পেশ করা অগ্রিম অনুমান অনুযায়ী চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৪ শতাংশ ছুঁতে পারে। অর্থাৎ, বিশ্ববাজারের টালমাটাল পরিস্থিতি সত্ত্বেও ভারত যে বিশ্বের ‘ব্রাইট স্পট’ বা উজ্জ্বলতম স্থান হিসেবেই থাকছে, তা আবারও প্রমাণিত হলো।