আজ থেকেই প্রেক্ষাগৃহে হাসির জোয়ার! শ্বশুর-বউমার ঝগড়া নাকি নারীদের জটিল রহস্য— কোনটা দেখবেন?

শীতের মরসুমে বাঙালির মন ভালো করতে টনিকের মতো কাজ করবে টলিউডের নতুন দুই কমেডি ছবি। আজ, ৯ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেল অভিমন্যু মুখোপাধ্যায়ের ‘কীর্তনের পর কীর্তন’ এবং অঙ্কুশ হাজরা অভিনীত ‘নারী চরিত্র বেজায় জটিল’। দুই ছবিতেই রয়েছে হাসির দমক আর বিনোদনের ভরপুর রসদ।
২০২৩-এর সুপারহিট ছবি ‘কীর্তন’-এর সিক্যুয়েলে এবারও ফিরছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অরুণিমা ঘোষ ও গৌরব চট্টোপাধ্যায়। তবে এবার উত্তর কলকাতার বাড়ি ছেড়ে লড়াই পৌঁছেছে দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে। বড় চমক হিসেবে যোগ দিয়েছেন লাবণী সরকার। গল্পে টুইস্ট আনতে প্রবীণ বয়সে পরাণ-লাবণী দম্পতির ঘরে আসছে নতুন অতিথি! এই নবজাতককে ঘিরেই শ্বশুর-বউমার আদায়-কাঁচকলায় সম্পর্কে ঘি পড়েছে, যা সামাল দিতে নাজেহাল গৌরব।
অন্যদিকে, মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে অঙ্কুশের ‘নারী চরিত্র বেজায় জটিল’। নবীনা সিনেমা হলের সামনে অঙ্কুশ-ঐন্দ্রিলার ৩০ ফুটের কাট-আউট ভেঙে ফেলায় ক্ষুব্ধ অভিনেতা। ছবিতে অঙ্কুশকে দেখা যাবে একজন ইভেন্ট ম্যানেজারের ভূমিকায়, যে বিয়ের তদারকি করতে গিয়ে মহিলাদের বিচিত্র আবদার সামলাতে হিমশিম খাচ্ছে। টিজারে দেখা গেছে গঙ্গার কাছে নারী চরিত্র সহজ করার আর্জি জানিয়ে উল্টে মা কালীর চড় খাচ্ছেন অঙ্কুশ! ছবিতে ঐন্দ্রিলার সঙ্গে অঙ্কুশের কেমিস্ট্রি এবং ‘কাঁটা ফুটেছে’ গানটি ইতিমধ্যেই সুপারহিট। হাসির মোড়কে রোমান্টিক এই সফর দেখতে আজই ভিড় জমছে সিনেমা হলে।