ইডির বিরুদ্ধে মমতার এফআইআর! আই-প্যাক দপ্তরে হানা দিয়ে ‘নথি চুরি’র অভিযোগে নজিরবিহীন মামলা

ভোটকুশলী সংস্থা আই-প্যাক (I-PAC) ও তার কর্ণধার প্রতীক জৈনের অফিসে ইডি অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার কার্যত থ্রিলার ছবির মতো পরিস্থিতি তৈরি হলো কলকাতায়। সল্টলেক ও লাউডন স্ট্রিটে তল্লাশি চলাকালীনই সশরীরে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তল্লাশির নামে তৃণমূলের নির্বাচনী রণনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, ল্যাপটপ ও হার্ডডিস্ক ‘চুরি’ করেছে কেন্দ্রীয় সংস্থা।
এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে রাতেই শেক্সপীয়র সরণি থানায় জোড়া মামলা দায়ের করা হয়, যার মধ্যে একটির অভিযোগকারী খোদ মুখ্যমন্ত্রী। চুরির ধারা ও অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে অজ্ঞাতপরিচয় ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে এই এফআইআর রুজু হয়েছে। একইভাবে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতেও পৃথক অভিযোগ জমা পড়েছে। এই পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী শিবির। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, “একজন ব্যবসায়ীর জন্য মুখ্যমন্ত্রী নিজে এফআইআর করছেন, এটা পদের অবমাননা।” সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।