ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক! ট্রাম্পের ‘গ্রিন সিগন্যাল’-এ কি চাপে পড়বে মোদী সরকার?

রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল ও ইউরেনিয়াম কেনা নিয়ে ভারতের ওপর প্রবল চটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ শতাংশ বা ৫০ শতাংশ নয়, এবার ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক চাপানোর তোড়জোড় শুরু করেছে আমেরিকা। শুধু ভারত নয়, ট্রাম্পের এই কড়া পদক্ষেপের নিশানায় রয়েছে চিন ও ব্রাজিলও। উদ্দেশ্য স্পষ্ট— মস্কোর আয়ের উৎস বন্ধ করে পুতিনের ‘ওয়ার মেশিন’ বা যুদ্ধ যন্ত্রকে দুর্বল করা।

মার্কিন রিপাবলিকান সেনেটর লিন্ডসি গ্রাহাম বুধবার একটি এক্স (টুইটার) পোস্টে জানিয়েছেন যে, বহু প্রতীক্ষিত ‘বাইপার্টিশান রাশিয়া স্যাংশন বিল’-এ সবুজ সংকেত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। লিন্ডসি গ্রাহাম এবং ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেনথাল মিলে এই বিলটি তৈরি করেছেন। তাঁদের দাবি, ইউক্রেন যখন শান্তির পথে হাঁটছে, পুতিন তখন নিরীহ মানুষদের হত্যা করছেন। এই পরিস্থিতিতে যারা রাশিয়ার কাছ থেকে সস্তায় জ্বালানি কিনে পুতিনকে আর্থিক মদত দিচ্ছে, তাদের কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন। এই বিলটি পাশ হলে ট্রাম্পের হাতে এমন ক্ষমতা আসবে যার মাধ্যমে তিনি ভারত বা চিনের মতো দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাতে পারবেন।

উল্লেখ্য, বর্তমানে ভারতের বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বলবৎ রয়েছে, যার মধ্যে ২৫ শতাংশ চাপানো হয়েছিল রাশিয়ার থেকে তেল কেনার শাস্তিস্বরূপ। ট্রাম্প সরাসরি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো হলেও ভারতের তেল কেনার সিদ্ধান্তে তিনি মোটেই খুশি নন। আগামী সপ্তাহেই মার্কিন সেনেটে এই বিলটি নিয়ে ভোটাভুটি হওয়ার কথা। বিলটি পাশ হলে আন্তর্জাতিক বাণিজ্যে ভারত বড়সড় ধাক্কার সম্মুখীন হতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল।