মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে? দিনক্ষণ জানাল পর্ষদ, ২০ জানুয়ারি থেকেই মিলবে হাতে

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আসায় পরীক্ষার্থীদের মধ্যে প্রস্তুতি তুঙ্গে। এরই মাঝে মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল অ্যাডমিট কার্ড বিতরণের দিন। আগামী ২০ জানুয়ারি, মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে। ওইদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের নির্দিষ্ট ৪৮টি ক্যাম্প অফিস থেকে স্কুল কর্তৃপক্ষ অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। এরপর স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা তাদের কার্ড সংগ্রহ করতে পারবে।

পর্ষদ সূত্রে খবর, চলতি বছরে প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকের জন্য নাম নথিভুক্ত করেছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১২ ফেব্রুয়ারি। নির্বাচনকে মাথায় রেখে এবার পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। অ্যাডমিট কার্ড বিতরণের পাশাপাশি পর্ষদ পরীক্ষার নির্দিষ্ট সময়ও স্পষ্ট করে দিয়েছে। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে এবং চলবে দুপুর ২টো পর্যন্ত। প্রথম ১৫ মিনিট (১০:৪৫ – ১১:০০) শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে। ১১টা থেকে মূল উত্তরপত্র লেখা শুরু হবে।

উল্লেখ্য, প্রথম ভাষার পরীক্ষার ক্ষেত্রে বাংলা, ইংরেজি ছাড়াও আরও ১১টি বিষয় রয়েছে। দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি, বাংলা বা নেপালি বেছে নেওয়া যাবে। মিউজিক ও ভোকেশনাল বিষয়ের ক্ষেত্রে সময়ের কিছু হেরফের থাকলেও প্রধান বিষয়গুলির সময় অপরিবর্তিত থাকছে। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর সমস্ত তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।