‘SIR-এ যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে’, সুপ্রিম কোর্টে গেল তৃণমূল

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারের ২৪ ঘণ্টার মধ্যেই মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ১০১ পাতার এক দীর্ঘ আবেদনে কমিশনের বিরুদ্ধে একাধিক সাংবিধানিক ও প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ এনেছে রাজ্যের শাসকদল।

তৃণমূলের মূল অভিযোগগুলি কী কী? সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদনে তৃণমূল দাবি করেছে:

  • অবৈধ নাম ছাঁটাই: ‘SIR’-এর নামে পশ্চিমবঙ্গের প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বেআইনিভাবে বাদ দেওয়া হয়েছে।

  • মৃত বনাম জীবিত: অদ্ভুতভাবে বহু জীবিত ব্যক্তিকে তালিকায় ‘মৃত’ বলে দেখানো হচ্ছে।

  • বিজেপি যোগের অভিযোগ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের জন্য কমিশন যে অ্যাপ ব্যবহার করছে, তা আদতে বিজেপির আইটি সেল তৈরি করেছে। এটি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক।

  • WhatsApp-এ নির্দেশ: অভিযোগ করা হয়েছে, BLO-দের বেআইনিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিচ্ছে কমিশন, যা নিয়মবিরুদ্ধ।

  • বয়স্কদের হয়রানি: ভোটারদের নির্দিষ্ট কারণ ছাড়াই শুনানিতে ডাকা হচ্ছে, যার ফলে প্রবীণ নাগরিকদের শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হতে হচ্ছে।

কী চাইছে তৃণমূল কংগ্রেস? শীর্ষ আদালতে ডেরেক ও’ব্রায়েন আবেদন জানিয়েছেন: ১. অভিযোগ জানানোর সময়সীমা (যা ১৫ জানুয়ারি শেষ হচ্ছে) আরও বাড়ানো হোক। ২. আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজ্যের যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে, তাতে স্থগিতাদেশ দেওয়া হোক। ৩. পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও দীর্ঘ সময় নিয়ে সম্পন্ন করা হোক।

মুখ্যমন্ত্রীর তোপ: মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “কমিশন ভুলভাল কাজ করছে। জীবিতদের মৃত দেখানো হচ্ছে, এমনকি অসুস্থ বয়স্কদেরও নাকে নল লাগিয়ে শুনানিতে নিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। ভোটারদের মনে ভয় তৈরি করছে কমিশন।” এর আগে তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও চিঠি লিখে ক্ষোভ উগরে দিয়েছিলেন।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে এই সংঘাত যে রাজ্য রাজনীতিতে বড়সড় আলোড়ন ফেলবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, সুপ্রিম কোর্ট তৃণমূলের এই আবেদনের ভিত্তিতে কমিশনকে কী নির্দেশ দেয়।