বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞ? যশোরে সাংবাদিক খুনের রাতেই নরসিংদীতে কুপিয়ে হত্যা ব্রাহ্মণ ব্যবসায়ীকে

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা যেন থামছেই না। এবার এক রাতেই দুই হিন্দু খুনের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে ওপার বাংলায়। যশোরের সংবাদপত্র সম্পাদক ও হিন্দু ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগীকে গুলি করে হত্যার রেশ কাটতে না কাটতেই নরসিংদীতে এক ব্রাহ্মণ মুদি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করল দুষ্কৃতীরা। মৃত ব্যক্তির নাম মণি চক্রবর্তী (৪০)।
স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১১টা নাগাদ নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। মণি চক্রবর্তী দীর্ঘদিনের পরিচিত মুদি ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় অন্ধকার রাস্তায় তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ধারালো দেশি অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে সেখানেই তাঁর মৃত্যু হয়।
পলাশ থানার ওসি শাহিদ আল মামুন জানিয়েছেন, নিহত মণি চক্রবর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের মদন ঠাকুরের ছেলে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড এবং এর পেছনে কারা রয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। উল্লেখযোগ্য বিষয় হলো, গত কয়েকদিনে দীপু দাস, খোকন দাস এবং রানা প্রতাপ বৈরাগীর পর মণি চক্রবর্তীর মৃত্যু নিয়ে পর পর তিন জন হিন্দু ব্যবসায়ী খুনের ঘটনায় ওপার বাংলার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।