প্রভাসের পাশ থেকে সরলেন দীপিকা, এন্ট্রি নিলেন ‘ন্যাশনাল ক্রাশ’ তৃপ্তি! ‘স্পিরিট’-এর প্রথম লুকেই ইন্টারনেটে আগুন

নতুন বছরের শুরুতেই বিনোদন দুনিয়ায় সবথেকে বড় ধামাকাটি দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বর্ষবরণের রাতেই প্রকাশ্যে এল প্রভাসের মেগা মুভি ‘স্পিরিট’ (Spirit)-এর প্রথম লুক। আর সেই পোস্টার ঘিরেই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। দীপিকা পাড়ুকোনকে ছবি থেকে বাদ দেওয়ার পর প্রভাসের নায়িকা কে হবেন, তা নিয়ে যে রহস্য দানা বেঁধেছিল, তার যবনিকা পতন ঘটল।
দীপিকা-প্রিয়াঙ্কা নন, প্রভাসের পাশে তৃপ্তি!
সব জল্পনা উড়িয়ে দিয়ে ‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে দেখা গেল ‘অ্যানিম্যাল’ খ্যাত তৃপ্তি দিমরি-কে। যাঁকে বর্তমানে নেটপাড়া ‘ন্যাশনাল ক্রাশ’ বা ‘ভাবি ২’ নামে চেনে। দীপিকা বা প্রিয়াঙ্কা চোপড়ার মতো সুপারস্টারদের বাদ দিয়ে তৃপ্তিকে কাস্ট করায় সন্দীপ ভাঙ্গার ওপর চটেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের প্রশ্ন— “দীপিকার বিকল্প কি সত্যিই তৃপ্তি হতে পারেন?”
পোস্টারে কী দেখা গেল?
পোস্টারে প্রভাসের লুক এককথায় বিধ্বংসী। খালি গায়ে ক্ষতবিক্ষত শরীর, চোখে রোদচশমা আর উসকো-খুসকো লম্বা চুলে সুপারস্টারকে দেখাচ্ছে চরম ‘রাফ অ্যান্ড টাফ’। এক হাতে মদের বোতল, মুখে সিগারেট; আর সেই সিগারেট জ্বালিয়ে দিচ্ছেন তাঁর ‘প্রেয়সী’ তৃপ্তি দিমরি। প্রভাসের এই উগ্র রূপ দেখে অনুরাগীরা উচ্ছ্বসিত হলেও নিন্দুকরা বলছেন অন্য কথা।
‘সস্তা অ্যানিম্যাল’ বলে কটাক্ষ!
পোস্টারটি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে তুলনা। অনেকেরই দাবি, এই লুকে নতুনত্ব কিছু নেই, বরং রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ লুকের হুবহু নকল। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ ছবিটিকে ‘সস্তা অ্যানিম্যাল’ বলেও ব্যঙ্গ করছেন। তবে প্রভাসের ভক্তরা নিশ্চিত যে, ২০২৬-এর বক্স অফিসে এই ছবি সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে।
বিতর্ক আর উন্মাদনা—এই দুইকে সঙ্গী করেই যাত্রা শুরু করল ‘স্পিরিট’। এখন দেখার, সন্দীপ ভাঙ্গার এই নতুন বাজি বড় পর্দায় কতটা সফল হয়।