টাকার দামে রেকর্ড পতন! ২০২৬ সালে ১ ডলার সমান ৯০ টাকা? বড় আশঙ্কার কথা শোনাল MUFG

ভারতীয় মুদ্রার ভবিষ্যৎ নিয়ে এবার রীতিমতো উদ্বেগের কথা শোনাল বিশ্বখ্যাত আর্থিক গোষ্ঠী MUFG। তাদের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার বা রুপির রেকর্ড অবমূল্যায়ন ঘটতে পারে। MUFG-র পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর ত্রৈমাসিকের মধ্যে ১ ডলারের দাম ৯০.৮০ টাকায় গিয়ে ঠেকতে পারে। অর্থাৎ, প্রথমবারের মতো ৯০-এর মনস্তাত্ত্বিক গণ্ডি পার করবে ভারতীয় রুপি।

প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের উচ্চ আমদানির প্রয়োজনীয়তা এবং নেট এফডিআই (FDI) প্রবাহ কমে যাওয়ার কারণেই টাকার ওপর এই ব্যাপক চাপ তৈরি হয়েছে। শুধু ডলার নয়, ইউরো, জাপানি ইয়েন এবং চিনা ইউয়ানের মতো প্রধান মুদ্রাগুলোর বিপরীতেও ভারতীয় টাকা দুর্বল পারফর্ম করবে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি ডিসেম্বরের শুরুতেই টাকা ইতিমধ্যেই ৯০-এর সীমা স্পর্শ করেছে, যা এখন পর্যন্ত টাকার ইতিহাসে সর্বনিম্ন স্তর।

অবশ্য MUFG এই মুদ্রাস্ফীতির পেছনে মার্কিন শুল্ক নীতিকেও দায়ী করেছে। যদি ২০২৬-এর শুরুতে আমেরিকা ভারতের ওপর থেকে শুল্ক ৫০ শতাংশ কমিয়ে ২৫ শতাংশ না করে, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তবে এর মধ্যেই আশার আলো রয়েছে। ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি এখনও যথেষ্ট শক্তিশালী। MUFG ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি (GDP) পূর্বাভাস বাড়িয়ে ৭.৬ শতাংশ করেছে। আরবিআই (RBI) পরিস্থিতির মোকাবিলায় বাজারে হস্তক্ষেপ করতে পারে, তবে বিশ্ববাজারের চাপে শেষ পর্যন্ত টাকাকে ৯০-এর গণ্ডি পার করতে দিতে বাধ্য হতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক।