রবিবারও খুলবে স্কুল! শিক্ষকদের ছুটি নিয়ে কড়া নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর

রাজ্যজুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) হিয়ারিং প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াকে কেন্দ্র করেই রাজ্যের স্কুল ও শিক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। ২৬ ডিসেম্বর ২০২৫-এ প্রকাশিত এই নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষক ও আধিকারিকদের ছুটির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে।

রবিবারও খোলা থাকবে স্কুল শিক্ষা দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট জেলার কাজের প্রকৃতি এবং SIR প্রক্রিয়ার গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনে রবিবারও স্কুল খোলা রাখতে হবে। মূলত ভোটার তালিকার তথ্য যাচাই এবং সংশোধনের কাজ দ্রুত গতিতে শেষ করতেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান শিক্ষকদের জন্য বিশেষ গাইডলাইন: ১. তথ্য যাচাই: আবেদনকারীদের জন্ম তারিখ ও অন্যান্য তথ্য যাচাই করার জন্য বিদ্যালয়ের অ্যাডমিশন রেজিস্ট্রার, ট্রান্সফার সার্টিফিকেট বা লভ্য অন্যান্য সরকারি নথি ব্যবহার করতে হবে। ২. দ্রুত রিপোর্ট প্রদান: নথিপত্র যাচাইয়ের পর প্রধান শিক্ষককে নিজের স্বাক্ষরসহ সেই তথ্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে মাত্র ২ দিনের মধ্যে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। ৩. উপস্থিতি বাধ্যতামূলক: ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন প্রধান শিক্ষকদের বিদ্যালয়ে সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এই দুই দিনের সময়সীমার মধ্যে যদি কোনও সরকারি ছুটি বা রবিবার পড়ে, তবে সেদিনও বিদ্যালয় খোলা রেখে কাজ করতে হবে।

বাতিল ব্যক্তিগত ছুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, SIR প্রক্রিয়ার কাজ চলাকালীন কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী কর্মস্থল বা ‘স্টেশন’ ছেড়ে যেতে পারবেন না। এই সময়ে কোনও ব্যক্তিগত ছুটির আবেদন গ্রাহ্য করা হবে না। অত্যন্ত জরুরি বা অনিবার্য কারণে যদি ছুটির প্রয়োজন হয়, তবে সেক্ষেত্রে উচ্চতর কর্তৃপক্ষের কাছ থেকে আগাম বিশেষ অনুমতি নিতে হবে।

শুধু স্কুল স্তরেই নয়, স্কুল ইন্সপেক্টরদের (SI) ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। সমগ্র SIR প্রক্রিয়ার ওপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। এই বিশেষ কর্মযজ্ঞ চলাকালীন শিক্ষা দফতরের কোনও স্তরেই ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের নির্দেশে।