শীতের আমেজ আর পাখির কলতান! হাতে মাত্র দু’দিন সময় থাকলেই ঘুরে আসুন এই অফবিট ডেস্টিনেশন

শীতের ছুটিতে দিঘা, পুরী বা দার্জিলিং মানেই এখন উপচে পড়া ভিড়। শান্তির খোঁজে যদি দু-তিন দিনের জন্য কোথাও বেরিয়ে পড়তে চান, তবে ওড়িশার ভঞ্জনগর হতে পারে আপনার আদর্শ গন্তব্য। পাহাড় এবং বিশাল জলধারার মেলবন্ধনে ঘেরা এই জায়গাটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি।
ভঞ্জনগরের প্রধান আকর্ষণ হলো দহ জলাধার বা দহ ড্যাম। চারদিকে পাহাড়ের সারি আর মাঝে টলটলে নীল জলরাশি—এক মুহূর্তে আপনার ক্লান্তি দূর করে দেবে। শীতকালে এখানে পরিযায়ী পাখিদের ভিড় জমে, যা পক্ষীপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। দহ জলাধারের পাশেই রয়েছে সুন্দর নেচার ক্যাম্প এবং পিকনিক স্পট। এছাড়া ঘুরে দেখতে পারেন বিজু পট্টনায়েক পার্ক, বন বিহার ইকো-ট্যুরিজম সেন্টার এবং প্রাচীন বেলেশ্বর মন্দির। হাতে সময় থাকলে এখান থেকে ৫০ কিলোমিটার দূরে তপ্তপানি হটস্প্রিং, বাঘা জলপ্রপাত এবং বুধাখোল জলপ্রপাতও ঘুরে নেওয়া যায়।
যাতায়াত ও থাকা: ট্রেনে করে যেতে হলে আপনাকে নামতে হবে ব্রহ্মপুর (Berhampur) স্টেশনে। সেখান থেকে ভঞ্জনগরের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। স্টেশন থেকে গাড়ি বা বাসে অনায়াসেই পৌঁছে যাওয়া যায়। থাকার জন্য দহ জলাধারের পাশেই বেশ কিছু সরকারি ও বেসরকারি রিসর্ট এবং হোটেল রয়েছে। তবে ছুটির মরশুমে ভিড় এড়াতে আগে থেকে বুকিং করে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে।