এবার কি বিধায়ক পদ খোয়াবেন হুমায়ুন কবীর? নতুন দল গড়তেই কড়া ব্যবস্থার পথে স্পিকার

নতুন রাজনৈতিক দল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বড়সড় আইনি ও রাজনৈতিক সঙ্কটে পড়লেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সোমবার মুর্শিদাবাদে ঘটা করে নতুন দলের পতাকা ও ইস্তেহার প্রকাশের পর এবার তাঁকে তলব করতে পারেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার স্পিকার স্পষ্ট করে দেন, হুমায়ুনের বর্তমান রাজনৈতিক অবস্থান ঠিক কী, তা জানতে তাঁকে বিধানসভায় ডেকে পাঠানো হতে পারে।
তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই শৃঙ্খলাভঙ্গের দায়ে হুমায়ুনকে সাসপেন্ড করেছে এবং সেই সংক্রান্ত নথিপত্র বিধানসভায় জমা পড়েছে। তবে স্পিকার জানান, “হুমায়ুন কবীর নতুন দল গঠনের কথা বিধানসভাকে আনুষ্ঠানিকভাবে জানাননি। তিনি এখনও শাসক দলের বিধায়ক হিসেবেই রয়েছেন, নাকি অন্য কিছু, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।” যদি কোনও পক্ষ থেকে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী অভিযোগ জমা পড়ে, তবে তাঁর বিধায়ক পদ খারিজের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, সোমবারের জনসভা থেকে ২০২৬ সালের নির্বাচনে ৯০টি আসনে জিতে ‘কিংমেকার’ হওয়ার দাবি করেছিলেন হুমায়ুন। ১৩৫টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণাও করেন তিনি। কিন্তু স্পিকারের এই সক্রিয়তা এখন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিল।