তৎকাল টিকিট বুকিংয়ে ‘বিরাট’ পরিবর্তন! OTP ছাড়া কাটতে পারবেন না টিকিট, কড়াকড়ি আনল রেল

ট্রেনের টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতে এবার বড় পদক্ষেপ নিল ভারতীয় রেলওয়ে (Indian Railways)। বিশেষ করে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নিয়মে বিরাট কড়াকড়ি আনা হয়েছে। এখন থেকে OTP ভেরিফিকেশন ছাড়া অনলাইনে কোনোভাবেই তৎকাল টিকিট কাটা যাবে না। এই মুহূর্তে দেশের ৩২২টি ট্রেনে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার-ভিত্তিক OTP ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি সংসদে ভারতীয় রেলওয়ের টিকিট বুকিং সিস্টেম নিয়ে ওঠা প্রশ্নের উত্তরে এই কড়াকড়ি আনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, টিকিট বুকিং সিস্টেমে স্বচ্ছতা আনতে এবং জালিয়াতি ঠেকাতে ধাপে ধাপে সমস্ত ট্রেনে তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে এই আধার-ভিত্তিক OTP ভেরিফিকেশনের ব্যবস্থা চালু করা হচ্ছে।

রেলমন্ত্রী আরও জানান যে, ৪ ডিসেম্বর পর্যন্ত দেশের ৩২২টি ট্রেনে এই নতুন আধার-ভিত্তিক OTP ভেরিফিকেশন সিস্টেম চালু করা হয়েছে। পাশাপাশি, সমস্ত IRCTC অ্যাকাউন্টের ভেরিফিকেশন ও রিভ্যালিডেশন করা হয়েছে। এর ফলে, ৩.০২ কোটিরও বেশি সন্দেহজনক অ্যাকাউন্ট আইডি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে।

টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতে অ্যাকামাই (Akamai)-এর মতো অ্যান্টি বট টুল ব্যবহার করা হচ্ছে। এই টুলের সাহায্যে অটোমেটেড স্ক্রিপ্ট ব্লক করা হয়। এছাড়া সন্দেহজনক PNR-এর বিরুদ্ধে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ দায়ের করা হয়েছে। রেলমন্ত্রীর দাবি, এই সব কড়াকড়ির ফলস্বরূপ এখন ৯৬টি ট্রেনে তৎকাল বুকিংয়ে টিকিট কনফার্মেশন ৯৫ শতাংশে পৌঁছেছে, অর্থাৎ ৯৫ শতাংশ গ্রাহকই কনফার্ম টিকিট পাচ্ছেন।

আধার OTP ভেরিফিকেশন সিস্টেম আসলে কী? এই নতুন নিয়মে, তৎকাল টিকিট বুক করতে গেলে আপনার IRCTC অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা ফোন নম্বরটি আবশ্যক। কারণ বুকিং সম্পন্ন করার জন্য ওই ফোন নম্বরেই OTP আসবে। দালালদের বট বা ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে টিকিট বুকিং বন্ধ করাই এই নিয়মের মূল উদ্দেশ্য।