নির্বাচকদের কড়া বার্তা! টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়ার পরই সৈয়দ মুস্তাক আলিতে যশস্বী জয়সওয়ালের বিস্ফোরক সেঞ্চুরি

খারাপ পারফরম্যান্সের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছিলেন। তবে হয়তো খুব বেশিদিন সংক্ষিপ্ত ফরম্যাট থেকে মুম্বইয়ের এই বিধ্বংসী ওপেনারকে দূরে সরিয়ে রাখার সাহস দেখাবেন না নির্বাচকরা। রবিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগের দ্বিতীয় ম্যাচে বিস্ফোরক সেঞ্চুরি হাঁকিয়ে সেই বার্তাই দিলেন যশস্বী জয়সওয়াল। ৫০ বলে ১০১ রান করে মুম্বইকে শুধু জেতালেনই না, গড়লেন রেকর্ডও।

প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর যশস্বীর এই শতরানে সুপার লিগের দ্বিতীয় ম্যাচে জয়ের সরণিতে ফিরল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই। হরিয়ানার দেওয়া ২৩৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা তারা ছয় উইকেট হাতে রেখে ১৫ বল বাকি থাকতেই তুলে নিল। যশস্বীর ব্যাটে মাত্র ৪৮ বলে এই অভিষেক শতরানটি আসে, যা পেশাদার টি-২০ ক্রিকেটে তাঁর চতুর্থ তিন অঙ্কের রান।

মুম্বই ওপেনারের এই সেঞ্চুরি ইনিংসটি সাজানো ছিল ১৬টি চার ও একটি ওভার বাউন্ডারি দিয়ে। যশস্বীর শতরানের সৌজন্যে প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করার নজিরও গড়ল মুম্বই।

ক্রিকেটের কুলীন ফরম্যাটে ওপেনার হিসেবে যশস্বী জায়গা পাকা করলেও সাদা বলের ক্রিকেটে এখনও তাঁর স্থায়ী জায়গা হয়নি। ২০২৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য হয়েও ওই বছর জুলাইয়ের পর তিনি আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যখন ভারতীয় দলের টপ ব্যাটিং-অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে, তখন যশস্বীর এই সেঞ্চুরি নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করবে।

পুনেতে এই ম্যাচে প্রথমে ব্যাট করে হরিয়ানা অধিনায়ক অঙ্কিত কুমারের ৪২ বলে ৮৯ এবং নিশান্ত সিন্ধুর ৩৮ বলে ৬৯ রানের ওপর ভর করে ২৩৪ রানের বিশাল স্কোর খাড়া করে। জবাবে যশস্বীর শতরান ছাড়াও মুম্বইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সরফরাজ খান। ন’টি চার ও তিনটি ছয়ে মাত্র ২৫ বলে ৬৪ রান আসে তাঁর ব্যাট থেকে। সবমিলিয়ে, গতবারের চ্যাম্পিয়নরা ১৭.৩ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৩৭ রান তুলে নেয়।

Dipak Barman01
  • Dipak Barman01