আগাম আলোচনা ছাড়াই শুল্ক বৃদ্ধি ‘স্বচ্ছতার পরিপন্থী’, মেক্সিকোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি কেন্দ্রীয় সরকারের

মেক্সিকো সরকার বেশ কিছু ভারতীয় পণ্যের উপর আমদানি শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত একতরফাভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ভারত ও মেক্সিকোর মধ্যে বাণিজ্য সম্পর্কে তীব্র টানাপড়েন শুরু হয়েছে। এই সিদ্ধান্তের পর নয়াদিল্লি স্পষ্ট বার্তা দিয়েছে যে, বাণিজ্যের স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে ভারত ‘উপযুক্ত ব্যবস্থা’ নিতে পিছপা হবে না।

শনিবার কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, “ভারত গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা চালাবে। কিন্তু প্রয়োজন হলে ভারতীয় রফতানিকারকদের স্বার্থ রক্ষায় উপযুক্ত পদক্ষেপ নেওয়ার অধিকারও ভারতের আছে।”

কেন্দ্রীয় সরকার মেক্সিকোর এই সিদ্ধান্তকে ‘সহযোগিতামূলক অর্থনৈতিক সম্পর্কের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়’ বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে এটি বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার স্বচ্ছতা ও পূর্বানুমানযোগ্যতার নীতির পরিপন্থী বলেও অভিযোগ করা হয়েছে। জাতীয় শিল্প সুরক্ষার নামে আরোপ করা এই শুল্ক ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা।

ওই আধিকারিক জানান, শুল্ক আরোপের বিলটি উত্থাপন হওয়ার পর থেকেই মেক্সিকোর সঙ্গে যোগাযোগ রাখছে ভারত। উভয় পক্ষের লাভজনক সমাধান খুঁজতে মেক্সিকোর অর্থ মন্ত্রকের সঙ্গে কাজ করছে ভারতের বাণিজ্য মন্ত্রক। এ বিষয়ে ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল এবং মেক্সিকোর উপমন্ত্রী লুইস রোসেন্দোর মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকও হয়েছে।

মেক্সিকোর দৈনিক এল ইউনিভার্সাল-এর তথ্য অনুযায়ী, এই নতুন শুল্কের আওতায় পড়েছে অটো পার্টস, হালকা যানবাহন, পোশাক, প্লাস্টিক, স্টিল, খেলনা, জুতো, চামড়াজাত পণ্য, মোটরসাইকেল, কাচ এবং সুগন্ধির মতো গুরুত্বপূর্ণ ভারতীয় পণ্য। এই শুল্ক যেসব দেশের সঙ্গে মেক্সিকোর মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নেই, যেমন ভারত, চিন এবং দক্ষিণ কোরিয়া, তাদের উপর কার্যকর হবে।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ভারতীয় কোম্পানিগুলোকে শুল্ক-ঝুঁকি থেকে বাঁচাতে ভারত ও মেক্সিকোর মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।

Dipak Barman01
  • Dipak Barman01