ক্যাপ্টেন সূর্যের ‘ফ্লপ-শো’ এবং শুভমন গিলের ‘অডিশন’! বিশ্বকাপের আগে এই ৩ ম্যাচই ঠিক করবে ভারতের টি-২০ ওপেনার কে?

দেশের মাটিতে আসন্ন টি-২০ বিশ্বকাপ খেতাব ধরে রাখার চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। বিশ্বকাপ থেকে মাত্র আট ম্যাচ দূরে অধিনায়ক সূর্যকুমার যাদবের লাগাতার ফ্লপ-শো ভাবিয়ে তুলেছে টিম ম্যানেজমেন্টকে। এই পরিস্থিতিতে সঞ্জু স্যামসনের পরিবর্তে শুভমন গিলকে টি-২০ সেট-আপে ওপেনার হিসেবে খাপ খাওয়ানোর পরীক্ষামূলক চেষ্টাও ব্যর্থ হচ্ছে।

রবিবার ধরমশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। সহ-অধিনায়ক গিলের জন্য এটি ‘ডু অর ডাই’ অডিশন। ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের খবর, আসন্ন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেতে এই তিন ম্যাচেই গিলকে নিজেকে প্রমাণ করার সুযোগ দেওয়া হচ্ছে। নইলে বিকল্প ওপেনিং জুটির খোঁজে হাঁটতে বাধ্য হবে থিঙ্কট্যাঙ্ক।

ক্যাপ্টেন সূর্য নিয়ে অস্বস্তি:

অধিনায়ক সূর্যকুমার যাদবের লাগাতার খারাপ পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটে অস্বস্তি বাড়িয়েছে। শেষ ১৫টি ইনিংসে তাঁর কোনও হাফসেঞ্চুরি নেই, সর্বোচ্চ স্কোর মাত্র ৪৭। তবে ক্যাপ্টেন আর্মব্যান্ড থাকায় আপাতত দলে সুযোগ নিয়ে তাঁর কোনও দুশ্চিন্তা নেই।

দ্বিতীয় ম্যাচে ৫১ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে প্রোটিয়া ব্রিগেড। সেই ম্যাচে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে অক্ষর প্যাটেলকে তুলে আনার সিদ্ধান্ত সমালোচিত হয়েছিল। অক্ষরের মন্থর ইনিংস কাজে আসেনি। তাই রবিবার ধরমশালায় ব্যাটিং অর্ডারে পছন্দের তিন নম্বরে ফিরছেন সূর্যকুমার। এছাড়া ব্যাটিং অর্ডার মোটের উপর একই থাকছে।

বোলিংয়ে পরিবর্তনের ইঙ্গিত:

ধরমশালার ঠান্ডায় ম্যাচ জিতে সিরিজে ফের এগিয়ে যাওয়ার লক্ষ্যে বোলিং বিভাগে সামান্য পরিবর্তনের ভাবনাচিন্তা চলছে। সিরিজের প্রথম দু’ম্যাচে পেসার আর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) খারাপ পারফরম্যান্সের কারণে তৃতীয় ম্যাচের একাদশে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। ঘটনাচক্রে, চায়নাম্যান বোলারের জন্মদিন আজ। সেক্ষেত্রে জসপ্রীত বুমরার সঙ্গে পেস বিভাগের দায়িত্ব সামলাতে পারেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে ধরমশালার বাইশ গজে অতিরিক্ত বাউন্স থাকায় আর্শদীপ আরও একটি সুযোগ পেতেও পারেন।

অন্যদিকে, গত ম্যাচে ভারতীয় ব্যাটিংকে ভাঙার পর ধরমশালার আদর্শ পরিবেশে ফের দাপট দেখাতে প্রস্তুত মার্কো জানসেন, অ্যানরিখ নর্ৎজে, লুঙ্গি এনগিদি, ওটনিয়েল বার্টম্যান সমৃদ্ধ প্রোটিয়া পেস বিভাগ। সবমিলিয়ে সিরিজে এগোতে মরিয়া দুই দলের এক উপভোগ্য লড়াই আজ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।